সততা, একাগ্রতা ও নিষ্ঠায় অবিচল থেকে দেশ গড়া ও দেশ রক্ষায় নিজেদের উৎসর্গ করার জন্য বিমানবাহিনীর ফ্লাইট ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে গতকাল সোমবার সকালে বিমানবাহিনীর ৬২তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও নবম স্পেশাল শর্ট সার্ভিস কমিশন কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণের সময় তিনি এ আহ্বান জানান।বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাই মিলে কাজ করলে অবশ্যই বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সবার সহযোগিতায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক দেশে পরিণত হবে।অনুষ্ঠানে শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং ফ্লাইট ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার মো. ফাবে-উজ-জামান বিশেষ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার এবং উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি লাভ করেন। এ ছাড়া জেনারেল সার্ভিস প্রশিক্ষণের জন্য কমান্ড্যান্টস ট্রফি ও ৬২তম ফ্লাইট ক্যাডেট কোর্সে সেরা কৃতিত্বের জন্য বিমানবাহিনী-প্রধানের ট্রফি লাভ করেন ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট মোস্তফা কামাল ইমরান।বিমানবাহিনীর সদস্যদের ফ্লাইং পে ও বিমা ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা ফ্লাইং পে ৯০০ থেকে তিন হাজার টাকায় উন্নীত করেছিলাম। এখন থেকে ফ্লাইং পে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। বিমানবাহিনীর সদস্যদের বিমা ভাতা ১৯৯৬ সালে ছয় লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছিল। এই ভাতা আরও দুই লাখ টাকা বাড়িয়ে ১২ লাখ টাকা করা হবে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক সিদ্দিক, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, তিন বাহিনীর প্রধান, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক ও সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী বিমান একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে বিমানবাহিনীর প্রধান শাহ মো. জিয়াউর রহমান এবং স্থানীয় ঘাঁটি অধিনায়ক মো. মর্তুজা কামাল তাঁকে স্বাগত জানান।সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হবে সাগরদাঁড়িতেআমাদের যশোর অফিস জানায়, গতকাল বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, যশোরের কপোতাক্ষ ও ভৈরব নদ খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে নৌ-চলাচল এবং এ অঞ্চলের উৎপাদিত শাক-সবজি ও ফুল প্রক্রিয়াজাত ও সংরক্ষণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যানজট নিরসনের লক্ষ্যে মনিরামপুর থেকে নওয়াপাড়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করা হবে। বেনাপোল বন্দরের উন্নয়ন ও রেলওয়ে খাতকে আলাদা বিভাগ করে সম্প্রসারণের জন্যও সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ অঞ্চলের যুবকদের ঋণ-সহায়তা ৫০ হাজার থেকে উন্নীত করে এক লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যাম্পাসের অনুষদ ভবন, প্রশাসনিক ভবন ও শহীদ মশিয়ূর রহমান হলের ফলক উন্মোচন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জামাল হোসেন। এ ছাড়া বেলা আড়াইটায় তিনি যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন।