দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, শিক্ষার্থীদের মধ্যে সনদ ও স্মারক বিতরণের মধ্য দিয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তিন জেলায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বরিশালের শিক্ষার্থীরা নিজেদের দেশ গড়ার কাজে লাগার অঙ্গীকার করেছে। মৌলভীবাজারে শিক্ষার্থীদের সুন্দর পরিবার, সমাজ ও রাষ্ট্র তৈরির কারিগর হওয়ার তাগিদ দেন গুরুজনেরা। নরসিংদীর কৃতীদের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান বক্তারা।প্রথম আলোর আয়োজনে ও ইউসিবির সহযোগিতায় এই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সার্বিক সহায়তা করেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: সকাল নয়টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তৃতায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, ‘শুধু জিপিএ-৫ নয়, মেধাবী শিক্ষার্থীরা যত বেশি দেশ গড়ার কাজে লাগবে, ততই দেশ সমৃদ্ধ হবে।’বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান বলেন, ‘আজকের এই মেধাবীরাই একদিন দেশের বিশ্ববিদ্যালয়গুলো আলোকিত করবে।’জেলার প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে হাজির হয় অদম্য মেধাবী মেহেন্দীগঞ্জ উপজেলার দাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ফাতেমা বেগম ও বরিশাল নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া শাম্মি। ভালো ফল করতে এবং পড়াশোনা চালাতে তাদের লড়াই ও কষ্টের কথা শুনে কিছু সময়ের জন্য মিলনায়তনে নীরবতা নেমে আসে।অদম্য মেধাবী সাদিয়া শাম্মি বলে, ‘একটি কোচিং সেন্টারে পড়িয়ে ও বাসায় দর্জির কাজ করে মা যৎসামান্য যা পেয়েছেন, তা দিয়ে আমার পড়ার খরচ চালিয়েছেন।’ আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, চাই দেশ গড়ার কাজে লাগতে।’এরপর অদম্য মেধাবী দুই শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে বন্ধুসভার পক্ষ থেকে উচ্চমাধ্যমিকের এক সেট করে বই, ১২টি খাতা ও ১২টি কলম তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল।অনুষ্ঠানের নীরবতা ভাঙে ভুভুজেলার আওয়াজ। কৃতী শিক্ষার্থী সাদিকুর রহমান, নুসরাত জাহান ও ইসরাত জাহানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই আয়োজন করা হয়। এরপর একে একে কৃতীদের প্রতিক্রিয়া, আবৃত্তি, কথা ও গানে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। একপর্যায়ে সংগীত পরিবেশন করেন মিঠুন ও ঢাকার শিল্পী আতিক।বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ফল অর্জন করায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়কে সেরা বিদ্যালয়ের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা জানানো হয় মুক্তিযোদ্ধা ও শিক্ষক আবদুস ছালাম হাওলাদার এবং দাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন তালুকদারকে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোতালেব হাওলাদার, অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, শিক্ষক লতিফা আইভীন।মৌলভীবাজার: প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, সহকারী অধ্যাপক আবদুল খালিক ও সহকারী অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান; কৃতী শিক্ষার্থীদের মধ্যে ফারিনা আহমেদ, গোলাম মাহফুজ চৌধুরী, অমিত কুমার বালা ও মল্লিকা দাশ, স্থানীয় বন্ধুসভার সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ প্রমুখ বক্তৃতা করেন।অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী বলেন, ‘মজবুত ভিত্তিপ্রস্তরের ওপর তৈরি হয় দালান। এসএসসিতে সাফল্যের মাধ্যমে সেই ভিত্তি তৈরি হয়েছে। বাকি থাকল সারা জীবন। নিজেদের আদর্শবান, জ্ঞানী, পণ্ডিতজন হিসেবে এখন গড়ে তুলতে হবে। পরীক্ষায় ভালো সনদ অর্জনের সঙ্গে সঙ্গে মানবীয় গুণাবলি অর্জন করতে হবে।’আলোচনা পর্বের আগে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একক ও সমবেত সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য সুপ্রিয়া দেব, জান্নাত পিউলি ও পূজা দাস। জেলার মধ্যে প্রথম হওয়ায় শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে একে একে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে সনদ ও স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার মায়িশা চৌধুরী ও অপূর্ব সোহাগ।নরসিংদী: সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর পুরোনো মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক বলেন, নোট বই, গাইড বই মেধা যাচাইয়ের প্রধান বাহক হয়ে উঠছে। এটি মোটেও ভালো খবর নয়।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আইনস্টাইন বড় বিজ্ঞানী এবং রবীন্দ্রনাথ বড় কবি হলেও তাঁদের খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তবে তাঁরা মেধাবী ছিলেন। আমরা বিশ্বাস করি, আমাদের সন্তানদের ভেতরে কোনো না কোনো মেধা লুক্কায়িত আছে। এর বিকাশ ঘটাতে হবে।’ তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন।নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া বলেন, ‘শিক্ষার মূল বিষয় হচ্ছে আচরণের পরিবর্তন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের মানবসংগীত ও শুদ্ধসংগীত শুনতে হবে। এসব শুনে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।’অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসপিয়া নিশাত খান, কে কে এম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাহফুজুল আলম বক্তৃতা করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ কালাম মাহমুদ, অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, বন্ধুসভার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।