দেশ গড়ার অঙ্গীকার কৃতীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সটাই এমন, সবকিছু ‘ভেঙেচুরে চুরেভেঙে গুঁড়ো গুঁড়ো’ করে দেখার। অসম্ভবকে সম্ভব করার। যা কিছু বাধা, তুড়ি দিয়ে তা উড়িয়ে দেওয়ার। তাই সকালের ঝমঝম বৃষ্টি কিংবা দুপুরের গনগনে রোদ—কোনো কিছুই রুখতে পারেনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকার কৃতী শিক্ষার্থীদের।গতকাল রোববার তাদের মিলনমেলা বসেছিল ঢাকার অদূরে নন্দন পার্কে। প্রথম আলো ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির এই আয়োজনে সহযোগিতায় ছিল নন্দন পার্ক। সংবর্ধনার জবাবে ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞা করল কৃতীরা।সকালে বাণিজ্য মেলার মাঠ থেকে প্রায় চার হাজার মেধায় দীপ্ত মুখ রওনা হয় নন্দনের পথে। হইচই-হুল্লোড়ে দিন কাটবে, এ কথা তো জানাই ছিল। কিন্তু তার পরও কালকের দিনটি ছিল ব্যতিক্রমী। দিনটি ছিল বন্ধু দিবস। বহুদিনের হারিয়ে যাওয়া বন্ধু ছাড়াও অনেক নতুন বন্ধু তারা খুঁজে পেয়েছিল। পাশাপাশি খোদ শিক্ষামন্ত্রী কাল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে নন্দনে উপস্থিত হন। তিনি ক্ষুধা, দারিদ্র্য আর নিরক্ষরতামুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে সেরা শিক্ষার্থীদের উজ্জীবিত করেন।নন্দনের পথে কৃতী শিক্ষার্থীরা রওনা দিয়েছিল সকাল সাড়ে ছটায়। সেকি উল্লাস তাদের! যাত্রাপথেই গান ধরেছিল ওরা। আধুনিক, ব্যান্ড কিংবা লোকগানের সুরে মুখরিত প্রতিটি বাস। যানজটে মাঝেমধ্যে গাড়ি থেমে গেলে দলবেঁধে গেয়ে উঠেছে, ‘গাড়ি চলে না চলে না চলে না রে...’।গন্তব্যে পৌঁছানোর আগেই তারা হয়ে গিয়েছিল পরস্পর বন্ধু। সারা দিনের উচ্ছলতায় প্রমাণ মিলল তার। সকাল ১০টায় নন্দনে পৌঁছেই পরিচিত-অপরিচিত সবাই এক লহমায় হয়ে গেল মুক্ত বিহঙ্গ। মনের আনন্দে ছোটাছুটি। কে কোন স্কুল, কোন এলাকা থেকে এসেছে, সেসব তথ্যের আদান-প্রদান আর চলেছে চুটিয়ে গল্প। বেলার হাত ধরে বাড়তে থাকে বন্ধুতা। পার্কের বিনোদন বাহনগুলোতে চড়েছে তারা শৃঙ্খলা মেনে। প্রথম আলো বন্ধুসভার পরিচালিত বুথগুলো থেকে কৃতিত্বের স্বীকৃতির অভিজ্ঞানপত্র ও পদক সংগ্রহ করেছে এর মধ্যেই। দীর্ঘক্ষণ সারবেঁধে দাঁড়িয়ে ছিল তারা, ক্লান্তি পায়ে দলে।কথা, কবিতা আর গানের আসর বসেছে তারুণ্যের স্বতঃস্ফূর্ততায়। প্রথম আলোর কাছেও একঝাঁক উজ্জ্বল-উদ্দীপ্ত মুখ জানায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। কে কীভাবে বদলে যেতে চায়, বদলে দিতে চায়, তাও। কেউ হতে চায় চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ভালো মানুষ। কেউ আবার শিল্পী নচিকেতার মতো ভবঘুরে কিংবা বেকার হতে চায় বলেও টিপ্পনী কাটতে ছাড়েনি। তবে বাংলাদেশ রাইফেলসের মুশফিকুর রহমান দেশের প্রধানমন্ত্রী হতে চায়। কেন? ‘দেশে যা কিছু অনিয়ম, অসংগতি—সব দূর করব জীবন বাজি রেখে।’ আড্ডায় বসা শিক্ষার্থীদের কেউ কেউ ‘রাজনীতিবিদেরা প্রতিশ্রুতি দিয়ে রাখেন না’ বলে মন্তব্য করেছে। কিন্তু সিটি কলেজের ছাত্র শাহ মোহাম্মদ শেফাউল আলম এ কথা মানেনি। তার ভাষায়, ‘মানুষ শুধু রাজনীতিবিদদের খারাপ দিকটাই দেখে। অথচ এ দেশের স্বাধীনতা এসেছে রাজনীতিবিদদের হাত ধরেই।’ গল্পে-কথায় মধ্যাহ্নভোজের পর্ব সমাপ্ত।দুপুর একটায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কৃতীরা জড়ো হতে থাকে মাঠে। পার্কের ঠিক মাঝখানে অবস্থিত মঞ্চে আসেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। মঞ্চ হয়ে ওঠে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তাঁর উপস্থাপনায় কৃতীরা মাতে প্রতিযোগিতায়। নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে তারা; কবিতা-গানে।একে একে মঞ্চে আসেন শিক্ষা-সাহিত্য, সংস্কৃতি ও মানবাধিকার রক্ষার সংগ্রামে দেশের সুপরিচিত সব মানুষ। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। মঞ্চে আসেন এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। মুসা মাদক গ্রহণ না করার শপথ করালেন, চাইলেন প্রত্যেকে যেন নিজ নিজ ক্ষেত্রে এভারেস্টজয়ী হয়। মানবাধিকারকর্মী সুলতানা কামাল কৃতী শিক্ষার্থীদের কাছ থেকে দেশ গড়ার প্রতিশ্রুতি আদায় করে নিলেন। তিনি বললেন, ‘তোমাদের সব সময় চেষ্টা করতে হবে, দেশের মুখ যেন গৌরবে উজ্জ্বল হয়ে থাকে।’ কবি নির্মলেন্দু গুণ সেরা শিক্ষার্থীদের পড়ে শোনান বর্ষার কবিতা। কণ্ঠশিল্পী শাকিলা জাফর গাইলেন ‘আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশ/ আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশ’। গান গেয়েছেন বাপ্পা মজুমদার। স্বাধীনতার প্রায় দুই যুগ পরে জন্ম নেওয়া শ্রোতারা তাঁর কণ্ঠে ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’—এই গানের সঙ্গে যখন গলা মিলিয়েছে তখন মনে হয়েছে, সত্যি সত্যিই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সাগর পাড়ি দিতে ওরা প্রস্তুত। ক্লোজআপ ওয়ান তারকা আবিদ ‘এক আকাশ তারা তুই একা গুনিস নে’, শফিক তুহিন ‘ভালোবাসি’ গানটি গেয়ে শোনান। চিত্রনায়ক ফেরদৌস এইচএসসিতেও সবাই যেন ভালো ফল করে, সেই আশা প্রকাশ করেন।হইচই-উল্লাসের মধ্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মঞ্চে নিয়ে আসেন। মতিউর রহমান বলেন, ‘সেই ষাটের দশক থেকে একটি শিক্ষানীতি প্রণয়নের জন্য সংগ্রাম চলেছে। নুরুল ইসলাম নাহিদ, যিনি এই সংগ্রামের একজন কর্মী ছিলেন, তিনি সরকারের মন্ত্রী হয়ে যে একটি সুন্দর শিক্ষানীতি উপহার দিয়েছেন, সে জন্য তাঁকে অভিনন্দন।’ তিনি শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দেশ গড়ার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী অভিনন্দন জানান জিপিএ-৫ প্রাপ্তদের। বলেন, ‘যত দিন যাচ্ছে ততই মেধাবী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশের স্বাধীনতা এসেছে ৩০ লাখ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, কিন্তু এখনো দেশের অর্ধেক মানুষ নিরক্ষর। অর্ধেক মানুষ দরিদ্র। তিনবেলা পেট পুরে খেতে পায় না।’ দেশের স্বাধীনতাকে সার্থক করতে কৃতী শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁর আশা।সবশেষে মঞ্চে আসেন শাফিন আহমেদ। নিজের ব্যান্ডদল দল ‘রিদম অব লাইফ’ নিয়ে শাফিন গেয়ে শোনান তাঁর জনপ্রিয় গান, ‘আর কতকাল খুঁজবো তোমায়’, ‘পাহাড়ী মেয়ে’, ‘চাঁদতারা সূর্য নও তুমি’, ‘ইটস মাই লাইফ’, ‘ফিরিয়ে দাও’ প্রভৃতি।ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা। বাড়ির পথ মনে পথ করে নেয়। নতুন সূর্যের আশার মতো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কৃতীরা ঘরে ফেরে।