দেশের মানুষকে ভালো কাজের স্বপ্ন দেখাতে হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে যেতে হবে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তুলতে তোমাদেরই অবদান রাখতে হবে। রংপুর ও সিরাজগঞ্জে গতকাল শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় এ বছর দেশব্যাপী মাধ্যমিকের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতীরা যা কিছু খারাপ তাকে ‘না’ বলার শপথ নেয়।রংপুর: বেলা দুইটায় রংপুর টাউন হল মাঠে অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত দিয়ে। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা। জেলার দুই হাজার ২৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য, দি মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহামঞ্চদ সাঈদ আহমেদ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম, রংপুর ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক শাহ মো. মোকসেদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ, শিক্ষাবিদ এ আই এম মুসা, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, টেলিটকের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ মো. মাসুম, কৃতী শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী মোশফেকা রহমান, মো. রাকিবুল হাসান, রাইয়ান এ শিফাইন ও বন্ধুসভার শাহজাদ হোসেন।অনুষ্ঠানে জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর ক্যাডেট কলেজ, দি মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজ এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচনা ছাড়াও শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য নাজমুল আলম। শিক্ষাবিদ মলয় কিশোর ভট্টাচার্য দেশকে আলোকিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য শপথ করান। তিনি বলেন, ‘এই দেশ তোমাদের হাতেই গড়ে উঠবে।’ শিক্ষক মীর রফিকুল ইসলাম বলেন, ‘এই ভালো ফলই শেষ নয়। দেশকে সত্যিকার সোনার বাংলার মতো গড়ে তোলার নেতৃত্ব দিতে হবে তোমাদের।’ শিক্ষাবিদ এ আই এম মুসা বলেন, ‘দেশকে জাগিয়ে তুলতে তোমাদের এগিয়ে আসতে হবে।’ আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের দিয়ে সব ভালো কাজ করা সম্ভব। শুধু ভালো ছাত্র হলে চলবে না। পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে। লেখাপড়া করতে হবে। ইতিহাস জানতে হবে। তোমাদের হাত দিয়ে সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব।’সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মুসা। বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রকিবুল ইসলাম খান, চৌবারী সালাম জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ সরকার, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার হোসেন, উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শামীম হোসেন, বি এল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, সালেহা ইসাহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আজিজ, প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ, টেলিটক মুঠোফোন কোম্পানির সহকারী ব্যবস্থাপক মো. ফয়জুল আজিম, অভিভাবক প্রতিনিধি মো. নূরুল আমিন, কৃতী শিক্ষার্থী মুক্তি রানী মাহাতো ও সুরাইয়া পারভীন। উপস্থাপনা করেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রামচন্দ্র সাহা। কৃতী ছাত্রী সুরাইয়া পারভীন বলে, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। প্রথম আলো ধংসাত্মক রাজনীতির বিরুদ্ধে জনমত তৈরির কাজ করবে বলে আশা করি।’ রকিবুল ইসলাম বলে, প্রথম আলোর মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানাতে হবে। সুশান্ত কুমার দেব বলে, ‘গণিত উৎসব, ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসব আমাদের শিক্ষার্থীদের আমাদের দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করছে।’ শামীম হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশনায়ক। প্রথম আলো এই নায়কদের একত্র করে মেধার যোগ্য সম্মান দিতে শুরু করেছে। ফারুক ওয়াসিফ বলেন, ‘রাজধানীর চাকচিক্যময় জীবনের সঙ্গে পাল্লা দিয়ে আজ তোমরা গ্রাম থেকে জিপিএ-৫ পেয়েছ। আমি বলব, এটা জিপিএ-৫ নয়, জিপিএ-১০।’ অনুষ্ঠানে সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান—সিরাজগঞ্জ বি এল সরকারি উচ্চবিদ্যালয়, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও সালেহা ইসাহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। জেলার ৯৫৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় সর্বাত্মক সহায়তা দিয়েছেন সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্যরা।আজ ২৫ আগস্ট রোববারখাগড়াছড়িস্থান: জেলা শিল্পকলা একাডেমীসময়: বেলা ১১টাঠাকুরগাঁওস্থান: জেলা শিল্পকলা একাডেমীসময়: সকাল ১০টাআগামীকাল ২৬ আগস্ট সোমবারনেত্রকোনাস্থান: পাবলিক হল মিলনায়তন মোক্তারপাড়াসময়: সকাল ১০টাপঞ্চগড়স্থান: শিল্পকলা একাডেমীসময়: সকাল ১০টা