দেশ ছাড়তে গাদ্দাফিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছে বিরোধীরা। দেশটির বিরোধী পক্ষ ন্যাশনাল লিবারেশন কাউন্সিলের নেতা মুস্তফা আবদেল জলিল গতকাল মঙ্গলবার আল-জাজিরা টেলিভিশনকে এ কথা বলেন।মুস্তফা আবদেল জলিল বলেছেন, দেশের প্রতি ভালোবাসার কারণে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছার জন্য তাঁরা গাদ্দাফিকে পরোক্ষ সমঝোতার প্রস্তাব দিয়েছেন। তাঁদের প্রথম শর্ত হলো, তাঁকে সব ধরনের হামলা বন্ধ করতে হবে। তারপর তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এ সময়ের মধ্যে গাদ্দাফি দেশ ত্যাগ করলে তাঁর অপরাধের বিচার না করার বিষয়টি বিবেচনা করার কথা জানান তিনি। তিনি বলেন, ‘৭২ ঘণ্টার পর এই সময়সীমা আর বাড়ানো হবে না। আমরা অপেক্ষা করছি, দেখা যাক তিনি কী পদক্ষেপ নেন।’এদিকে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের সিদ্ধান্তটি ওয়াশিংটন থেকে নয়, জাতিসংঘের মাধ্যমে আসতে হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মন্তব্য করেছেন।গাদ্দাফি বাহিনী অব্যাহতভাবে বিরোধী ও বিক্ষোভকারীদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষায় লিবিয়ায় নো ফ্লাই জোন ঘোষণার জোর তত্পরতা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোও নো ফ্লাই জোন ঘোষণার পক্ষে সায় দিয়েছে। দেশটির বিদ্রোহীরা নো ফ্লাই জোন ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।