দেশ টানছে হুমায়ূন আহমেদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ উন্নত চিকিৎসার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোআন কেটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর সঙ্গে আছেন স্ত্রী শাওন, দুই সন্তান নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন। ইতিমধ্যে হুমায়ূন আহমেদকে নয়টি কেমোথেরাপি দেওয়া হয়েছে বলে জানা গেছে। হুমায়ূন আহমেদের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রথম আলোর সঙ্গে আলাপকালে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘হুমায়ূন আহমেদের চিকিত্সা চলছে। এখন ভালো আছেন তিনি।’হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ভালোই আছেন হুমায়ূন আহমেদ। তিনি আরও লিখেছেন, ‘পার্শ্বপ্রতিক্রিয়া সহ্য করে ৯ নম্বর কেমোথেরাপি নিয়েছেন তিনি। তবে তাঁকে আরও তিনটি কেমোথেরাপি দেওয়া হবে। বাকি কেমোথেরাপি দেওয়া শেষ হলে চিকিৎসকেরা এরপর পরবর্তী পদক্ষেপ নেবেন।শাওন তাঁর ফেসবুক ওয়াল এ আরও লিখেছেন, ‘কিন্তু সমস্যা হচ্ছে হুমায়ূন আহমেদ বাংলাদেশের অনেক কিছুরই অভাব বোধ করছেন। এর মধ্যে রয়েছে কৈ মাছ, নতুন আলু দিয়ে মাগুর মাছ রান্না, বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি, অত্যধিক চর্বিযুক্ত খাসির রেজালা, দেশি মুরগির রোস্টসহ আরও অনেক কিছুই।শুধু এগুলোই নয়। শাওন লিখেছেন, হুমায়ূন আহমেদ তাঁর নুহাশপল্লীর প্রতিটি গাছপালার অভাববোধ করছেন। এমনকি শাওনের প্রতিদিনের সকালটা নাকি শুরু হয় হুমায়ূন আহমেদের মুখে ‘চলো দেশেই চলে যাই’ কথাটি শুনে। কিন্তু শাওন সিদ্ধান্ত নিয়েছেন, ‘বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী’।