দেশ টিভি কার্যালয়ের প্রধান ফটকে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দেশ টিভি কার্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। ককটেলের আঘাতে কাচের দরজা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃৃত্ত মৌচাক মার্কেটের উল্টো দিকে (৭০, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের পাশে) দেশ টিভি কার্যালয় লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয় এবং ককটেলের আঘাতে দেশ টিভির প্রধান ফটকের কাচের দরজা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কর্ণফুলী মিডিয়া পয়েন্ট নামের এই বহুতল ভবনে ভোরের কাগজ ও দিনের শেষে পত্রিকার কার্যালয় রয়েছে। বিস্ফোরণের শব্দে তিনটি গণমাধ্যমের কর্মীরা আতঙ্কিত হয়ে দৌড়ে নিচে নেমে আসেন। তবে এতে কেউ আহত হননি। খবর পেয়ে র‌্যাব ও পুলিশের গোয়েন্দা ইউনিটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে যায়।দেশ টিভির প্রোডাকশন সহকারী রাশেদ নিজাম প্রথম আলোকে বলেন, ঘটনার আগে প্রধান ফটকের সামনে দাঁড়ানো একটি মোটরসাইকেলে এক যুবক বসে ছিল। পাশে আরেক যুবক ধূমপান করছিল। তিনি প্রধান ফটক দিয়ে ঢুকে দ্বিতীয় তলায় ওঠার মুহূর্তে বিকট শব্দ শুনে দৌড়ে নিচে নেমে এসে দেখেন, প্রধান ফটকের কাচের দরজা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। রাস্তার পাশে মোটরসাইকেল ও দুই যুবক নেই।কর্তব্যরত নিরাপত্তাকর্মী ফটকের ভেতরে ছিলেন। তিনি জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানটি ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই দুই যুবক বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাথরের নুড়ি ও লোহার গোলাকৃতির স্প্লিন্টার দেখে মনে হয়, এটি ককটেল। এই স্প্লিন্টার গ্রেনেড তৈরিতে ব্যবহূত হয়। আলামত হিসেবে জর্দার কৌটা ও স্কচটেপ জব্দ করা হয়েছে। তিনি বলেন, হতাহত ঘটাতে নয়, আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি সিঁড়ির ওপর বিস্ফোরিত হয় এবং স্প্লিন্টারের আঘাতে কাচের দরজা ভেঙে যায়।দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জায়েদুল আহসান বলেন, দেশ টিভির জঙ্গিবিরোধী অবস্থানের কারণে এ ঘটনা ঘটানো হতে পারে।