দেশ টিভিতে কাল থেকে ‘রেডিও চকলেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার থেকে দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘রেডিও চকলেট’। আনিসুল হকের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি।নাটকটির প্রচার উপলক্ষে গতকাল রোববার ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, ‘রেডিও চকলেট’ নাটকের লেখক আনিসুল হক ও পরিচালক রেদোয়ান রনি। উপস্থিত ছিলেন দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও অনুষ্ঠানপ্রধান পারভেজ চৌধুরী। এ ছাড়া ছিলেন নাটকের শিল্পী, কলা-কুশলী ও সাংবাদিকেরা।জীবনের জটিল অঙ্কের সহজ ও মজার উপস্থাপনই ‘রেডিও চকলেট’-এর মূল ভাবনা। নাটকটির গল্প সম্পর্কে পরিচালক রেদোয়ান রনি বলেন, ‘গল্পে দেখা যাবে, মাহিন-মামুন দুই ভাই ‘রেডিও চকলেট’-এর দুই কর্ণধার। সঙ্গে আছে নতুন প্রজন্মের একঝাঁক তরুণ, যাঁরা এই এফএম রেডিও স্টেশনের মূল চালিকা শক্তি। তাঁদের মূল লক্ষ্যই ভুল শুধরে দেওয়ার, বদলে দেওয়ার, নতুন চেতনা প্রতিষ্ঠার। তাঁরা প্রতিদিন নব-উদ্যমে শুরু করে নতুন নতুন, মজার, ব্যঙ্গাত্মক অথবা হূদয়স্পর্শী সব নতুন ভাবনার অনুষ্ঠান, যেখানে মজার ভঙ্গিতে উঠে আসে দেশের সত্যিকারের বাস্তবতা—আগামী দিনের আগমনী বার্তা।’রনি আরও বলেন, ‘আমরা “রেডিও চকলেট” দেখে কখনো হাসতে হাসতে লুটিয়ে পড়ি, কখনো বা দুঃখ পেয়ে কাঁদি। তবে এ কথা হলফ করে বলা যায়, “রেডিও চকলেট”-এর প্রতিটি পর্বে প্রতিটি চরিত্রের, প্রতিটি ঘটনার মজার মজার উপস্থাপন আমাদের প্রতিদিনের একঘেয়েমি জীবনযাত্রায় একটু প্রশান্তি এনে দেবে, যোগ করবে নিত্যনতুন ভাবনার।’‘রেডিও চকলেট’ নাটকের অভিনয়শিল্পীরা হলেন: মোশাররফ করিম, নওশীন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্ণা, মিশু সাব্বির, বাবর, ম ম মোর্শেদ, আরাবী, তন্দ্রা, স্নিগ্ধা, প্রিতম, লুবনা, ওয়ামিয়া, আবির, ধ্রুব, শ্রেষ্ঠা, আদ্রিতা, বিমল, হাসান ইমাম প্রমুখ।সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত সোয়া আটটায় দেশ টিভিতে দেখানো হবে নাটকটি।