দেশ টিভির তৃতীয় বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ বছরে পা রাখল দেশ টেলিভিশন। গতকাল সোমবার দেশ টিভির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে ‘দেশ উৎসব’। দেশ টিভির কার্যালয় ও আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। টিভি পর্দায় চলছে বর্ণাঢ্য সব অনুষ্ঠান। ‘দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গে থাকুন’ স্লোগান নিয়ে দেশ টিভি পালন করছে তার তৃতীয় বর্ষপূর্তি। বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর জানান, মুক্তিযুদ্ধের চেতনায়, দেশ ও দেশের মানুষের কথা বলতে এবং গণতন্ত্রের অগ্রযাত্রার পথ চলতে, দেশকে ভালোবেসে দেশের সঙ্গে থাকার ব্রত নিয়ে যাত্রা শুরু করে দেশ টিভি। শুধু তা-ই নয়, দেশ টিভি গতানুগতিক অনুষ্ঠান বা সংবাদ প্রচারের বাইরেও গত তিন বছর নতুন কিছু করার প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।