দেশ থেকে দুই লাখ কোটি টাকা পাচার
বাংলাদেশ থেকে গত ৩৪ বছরে অন্তত দুই হাজার ৪৭০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। এই অর্থ সরিয়ে নিয়ে করের সুখস্বর্গ হিসেবে পরিচিত বিশ্বের বিভিন্ন দেশে ও অঞ্চলে গচ্ছিত রাখা হয়েছে।প্রতি ডলার ৮০ টাকা ধরে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৯৭ হাজার ৬০০ কোটি টাকা, যা চলতি ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেটের চেয়েও বেশি।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ বা আর্থিক সম্পদ কর ফাঁকি দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এই পুঁজি পাচার ঘটেছে ১৯৭৬ থেকে ২০১০ সালের মধ্যে।এতে দেখা যায়, ২০০০ সাল পর্যন্ত যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে, পরের ১০ বছরে তার চেয়ে অনেক বেশি অর্থ পাচার হয়েছে। ২০০০ সাল পর্যন্ত অন্তত এক হাজার ৮১০ কোটি ডলার (এক লাখ ৪৪ হাজার ৮০০ কোটি টাকা) সরিয়ে নেওয়া হয়েছে। আর পরের ১০ বছরে সরানো হয়েছে ৬৬০ কোটি ডলার (৫২ হাজার ৮০০ কোটি টাকা)।যুক্তরাজ্যভিত্তিক ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন) গত মঙ্গলবার এসব তথ্যসহ একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া আর্থিক সম্পদ বা পুঁজি ২০১০ সালের দেশের বিদেশি ঋণের প্রায় ৯৯ শতাংশ। আলোচ্য সময়ে ভারত থেকে সাত হাজার ২৭০ কোটি ডলার সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তান থেকে পাচার করা হয়েছে ৭২০ কোটি ডলার।যোগাযোগ করা হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পুঁজি পাচার যে হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এই প্রতিবেদনে যে সংখ্যা বলা হয়েছে, তা বরং কিছুটা কম। অবশ্য এই হিসাব নির্ণয় করা বেশ কঠিন।’আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক এই কর্মকর্তা আরও বলেন, ‘রপ্তানি মূল্য কম দেখিয়ে এবং আমদানি মূল্য বেশি দেখিয়ে বাইরে টাকা পাচার করা হচ্ছে। হুন্ডি করেও প্রচুর টাকা বাইরে যাচ্ছে। আর গত এক দশকে কানাডা, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের নামে কোটি কোটি ডলার দেশ থেকে চলে গেছে, যার কোনো আনুষ্ঠানিক হিসাব নেই। মালয়েশিয়ার সেকেন্ড হোম কর্মসূচিতেও এভাবে টাকা যাচ্ছে। সিঙ্গাপুর ও দুবাইতেও সচ্ছল ও ধনী বাংলাদেশিরা বিভিন্নভাবে টাকা নিয়ে যাচ্ছেন।’‘দ্য প্রাইস অব অফশোর রিভিজিটেড’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যক্তি ও বহুজাতিক প্রতিষ্ঠান বিভিন্ন কৌশলে তাদের আয় ও মুনাফা ফাঁকি দিয়ে এসব অর্থ নিজ দেশ থেকে সরিয়ে নিয়েছে। তবে এই হিসাবে শুধু আর্থিক সম্পদকেই বিবেচনায় নেওয়া হয়েছে। বিভিন্ন অ-আর্থিক সম্পদ, যেমন: স্বর্ণ, জমি-বাড়ি, রেসের ঘোড়া ও ইয়টকে বিবেচনায় নেওয়া হয়নি। প্রতিবেদনটির গবেষণাকর্ম সম্পাদনকারী জেমস হেনরি বলেন, যেহেতু অ-আর্থিক সম্পদ বিবেচনায় নেওয়া হয়নি, সেহেতু কর ফাঁকি দিয়ে স্থানান্তর করা অর্থের প্রকৃত পরিমাণ আরও অনেক বেশি হবে। ভারতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যদি অ-আর্থিক সম্পদ যোগ করা হয়, তাহলে প্রকৃত পরিমাণ আরও অন্তত ৫০ শতাংশ বেশি হবে। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের তথ্য-উপাত্ত ব্যবহার করার পাশাপাশি টিজেএন নিজস্ব সমীক্ষা ও জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করেছে। এ জন্য ১৮ মাস ধরে বিশ্বের ১৩৯টি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের ওপর কাজ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৭০ থেকে ২০১০ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান কমপক্ষে ২১ লাখ কোটি ডলার থেকে সর্বোচ্চ ৩২ লাখ কোটি ডলার পর্যন্ত নিজ দেশ থেকে সরিয়ে নিয়ে কার্যত কর নেই এমন দেশ ও অঞ্চলে গচ্ছিত রেখেছে। এসব দেশ ও অঞ্চলকে বলা হচ্ছে করের সুখস্বর্গ বা ট্যাক্স হেভেন।সাধারণত এসব দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত অর্থ ও সম্পদের ওপর কোনো ধরনের কর আরোপ করা হয় না বা হলেও তা নামমাত্র। করের সুখস্বর্গগুলোয় দুর্নীতির মাত্রা খুব কম থাকে এবং সুশাসন বেশ জোরদার। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর বা সিশেলস এ রকম দেশ হিসেবে বিবেচিত হয়। আবার কেইম্যান আইল্যান্ড (যুক্তরাজ্য), বারমুডা (যুক্তরাজ্য) বা দুবাই (সংযুক্ত আরব আমিরাত) এ রকম অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।তবে জেমস হেনরি বলেন, ‘বিভিন্ন দ্বীপে অখ্যাত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে লন্ডন, নিউইয়র্ক ও জেনেভার মতো উন্নত বিশ্বের রাজধানীতে অবস্থিত বিশ্বের বড় বড় ব্যাংক, হিসাবরক্ষণ প্রতিষ্ঠান ও আইনি প্রতিষ্ঠানের সদর দপ্তর থেকেই এই ধরনের অর্থ পাচারকে উৎসাহিত করা হয়।’ তিনি আরও বলেন, এভাবে বিভিন্ন দেশের ধনীরা কর ফাঁকি দিচ্ছে আর গরিব মানুষ বিদেশি ঋণের বোঝা টানছে। এতে দেখানো হয়েছে, বিশ্বের নামকরা ৫০টি আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ২০০৫ থেকে ২০১০ সময়কালে এসব অর্থ স্থানান্তরে বিভিন্নভাবে ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে প্রথম দিকে আছে ইউবিএস, ক্রেডিট সুইসে, গোল্ডম্যান স্যাক্স, ব্যাংক অব আমেরিকা, এইচএসবিসি, ডয়চে ব্যাংক, বিএনপি পারিবাস, ওয়েল ফারগো, জেপি মর্গান, ক্রেডিট এগ্রিকোল, বার্কলেস প্রভৃতি। টিজেএনের গবেষণা অনুসারে, সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে চীন থেকে, যার পরিমাণ এক লাখ ১৮ হাজার ৯০০ কোটি ডলার। শীর্ষ ২০টি দেশ থেকে অন্তত সাত লাখ ৬০ হাজার কোটি ডলার পাচার হয়েছে।