নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের আরেক শীর্ষ নেতা কাজী মোরশেদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার সংগঠনটির বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডের প্রথম দিনে পুলিশের জেরার মুখে তিনি দাবি করেন, হিযবুত তাহরীর দেশের ভেতর থেকে তহবিল সংগ্রহ করে। এদিকে সংগঠনটির আরও দুই সদস্যকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান ফয়সাল ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশলের ছাত্র কাজী শফিক।মঙ্গলবার মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের পর মিছিল করার উদ্যোগ নিতে গিয়ে ফয়সাল ও শফিক জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ধরা পড়েন।এই দুই হিযবুত সদস্যকে শাহবাগ থানার পুলিশ গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, কাজী মোরশেদুল হককে র্যাব গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যায় উত্তরা থানায় হস্তান্তর করেছে। তাঁকে উত্তরা থানায় হিযবুতের বিরুদ্ধে আগের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। র্যাব বলেছে, মোরশেদুল হক হিযবুতের দ্বিতীয় শীর্ষ নেতা।নিষিদ্ধ এ আন্তর্জাতিক সংগঠনটির বাংলাদেশ শাখার প্রধান মহিউদ্দিনকে ক্যান্টনমেন্ট থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিসি নিশারুল আরিফ প্রথম আলোকে জানান। তিনি বলেন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইকবাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে। মহিউদ্দিনকে উত্তরা থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল রিমান্ডের প্রথম দিনে তাঁকে মূলত বিদেশি যোগাযোগ ও অর্থের উেসর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পুলিশের জেরার মুখে মহিউদ্দিন বিদেশি যোগাযোগের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁরা দেশের বাইরে থেকে কোনো অর্থ পান না, ভেতর থেকেই তহবিল সংগ্রহ করেন।তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তাঁদের কাছে তথ্য রয়েছে, মূলত যুক্তরাজ্যের হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। সংগঠনটি বাংলাদেশে নগরকেন্দ্রিক তৎপরতায় যে বিপুল অর্থ ব্যয় করে, তার বড় অংশ বাইরে থেকে আসে।মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদকারী দলের প্রধান এডিসি ইকবাল হোসেন বলেন, মহিউদ্দিন শক্ত প্রকৃতির লোক। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তেমন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।