বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, দেশ এখন বাজিকরদের হাতে। ভর্তিবাজি, নিয়োগবাজি, টেন্ডারবাজি, দলবাজি, মতলববাজির রকমফের দেখে মানুষ দিশেহারা।গতকাল বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের (আইজিএস) বার্ষিক গবেষণা প্রতিবেদন ‘দ্য স্টেট অব গভর্নেন্স ইন বাংলাদেশ ২০০৯’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রাজধানীর জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (যাত্রী) সম্মেলনকক্ষে আইজিএস আয়োজিত ওই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন কমিশন, প্রশাসন, জাতীয় সংসদে সদ্য পাস হওয়া বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০; স্থানীয় সরকারব্যবস্থা ইত্যাদি বিষয়ে বক্তব্য দেন। গণতন্ত্র: মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র অত্যন্ত ভঙ্গুর। ব্যাংকে আগুন জ্বালিয়ে, রিকশাওয়ালাকে জীবন্ত দগ্ধ করে, যেখানে-সেখানে বোমা ফাটিয়ে, পটকাবাজি করে এবং বাসে আগুন ধরিয়ে যেনতেন প্রকারে নির্বাচনে জয়লাভ করাই দলগুলোর লক্ষ্য। তাদের প্রথম এবং প্রধান আনুগত্য আত্মীয়ের প্রতি। পরিবারতন্ত্র নিয়ে ইতিমধ্যে অনেক লেখা হয়েছে। দ্বিতীয় আনুগত্য পাড়া বা অঞ্চলের প্রতি। শত অপকর্মের মহাজন তাঁর নিজ অঞ্চলে ‘হামার ছাওয়াল’ বা ‘হামার মাইয়া’।নির্বাচন কমিশন: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো নিবন্ধনের ব্যাপারে ও অঙ্গদল সঙ্গে রাখার ব্যাপারে নানা গড়িমসি করে। গণপ্রতিনিধিত্ব আইনের প্রতি তাদের তেমন কোনো অঙ্গীকার লক্ষ করা যায় না। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডও তেমন বিশ্বাসযোগ্যতা অর্জন করেনি। সপ্তম সংসদে ভোলার একটি নির্বাচনী এলাকা প্রতিনিধিত্বহীনভাবেই কাটিয়ে দেয়—উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, নির্বাচনী আইন ভঙ্গের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে যেভাবে চোখ রাঙায় এবং হম্বিতম্বি করে, তার এক-সহস্রাংশ করলেও আন্তর্জাতিক ফুটবল বা ক্রিকেট খেলায় কোনো ভদ্রলোক রেফারির কাজ করতেন না। আমাদের দেশে রাজনৈতিক মাস্তানি সুবিদিত। আমরা কোনো কর্তৃপক্ষকে মানতে চাই না।’ তিনি বলেন, এবার নির্বাচন কমিশন যেসব গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তা পালন করার মতো দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার চাহিদা মেটাতে হবে, যাতে নির্বাচন-আইনের লঙ্ঘন দ্রুত ও দৃষ্টান্তস্বরূপ কঠোরতার সঙ্গে প্রতিরোধ করা যায়। প্রশাসন: জনগণ সব ক্ষমতার ঊর্ধ্বে—এই বিষয়টি প্রতিষ্ঠা করতে প্রশাসনে সুশাসন নিশ্চিত করার কথা বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। সে জন্য দেশের সব নাগরিককে সংবিধান-অনুগ হওয়ার আহ্বান জানান তিনি।সাবেক প্রধান উপদেষ্টা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের কাজের তদারকি কমে গেছে। ক্ষমতাসীন দলের প্রতি যাঁরা আনুগত্য প্রকাশে অতিরিক্ত উৎসাহ প্রদর্শন করেছেন, তাঁদের দলনিরপেক্ষ প্রশাসনের শাসন করা কঠিন হয়ে পড়ে। তিনি প্রশ্ন তোলেন, ‘যেখানে একটা চতুর্থ শ্রেণীর চাকরির জন্য তিন লাখ টাকা গুনতে হয়, সেখানে মেধাভিত্তিক প্রশাসন কেমন করে আমরা গড়ব? আজ চীনের অর্থনৈতিক সাফল্য নিয়ে নানা তত্ত্ব দেওয়া হচ্ছে। আমার মনে হয়, তা হচ্ছে রাজনৈতিক ক্যাডার নয়, চীনের মেধাভিত্তিক প্রশাসনই তার উত্থানের কারণ।’ বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০: বিচারপতি হাবিবুর রহমান বলেন, এই বিশেষ আইনের ফলে নির্বাহী বিভাগের যেমন ক্ষমতা বাড়ানো হলো, তেমনি অনিয়ম প্রতিকারের জন্য আদালতের দ্বার রুদ্ধ করা হলো। আইনটির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বিলটির ৯ ধারায় বলা হয়েছে, এই আইনে বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত কোনো ব্যবস্থা ও সিদ্ধান্ত, আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ১০ ধারা অনুসারে আদালতের এখতিয়ার রহিত করা হয়েছে। বলা হয়েছে, এ আইনের অধীনে কৃত বা কৃত বলে বিবেচিত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। দায়িত্ব পালনের সময় সরল বিশ্বাসে কৃতকার্যের জন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। সাবেক প্রধান বিচারপতি বলেন, একসময় বলা হতো, নতুন আইন প্রণয়নের সময় আইনপ্রণেতাদের হাত কাঁপা উচিত। সেই দিন গত হয়েছে, যখন বলা হতো, ন্যূনতম সরকারই শ্রেষ্ঠ সরকার। সমাজের প্রত্যাশা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনের তদারকি বৃদ্ধি পেয়েছে। তবে আইন প্রণয়ন যদি মুনশিদের হাতে ছেড়ে দেওয়া হয় এবং সংসদে ‘হ্যাঁ’ বা ‘না’ বলেই তার বিবেচনা সীমাবদ্ধ থাকে, তবে ‘কর্তার ইচ্ছায় কানুন হবে’। তিনি বলেন, আদালতের এখতিয়ার ক্ষুণ্ন করে কেবল প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হলে তা মঙ্গল বয়ে আনবে না। পাঁচ বছরের ক্ষমতায়ন একটা স্বল্পকালীন ব্যাপার। দুই-তৃতীয়াংশ ভোট সরকারকে দিশেহারা করে তুলতে পারে। গত ৪০ বছরে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া সরকারগুলোর আমল তেমন সুখকর হয়নি বলে তিনি মন্তব্য করেন।হাবিবুর রহমান আরও বলেন, মানুষের ব্যক্তিস্বার্থ অক্ষুণ্ন রাখাই সরকারের কাজ। এত বড় দায়িত্ব পালন করতে হলে সরকারের প্রশাসনকে শুধু দক্ষ ও সমর্থ হলেই চলবে না, অনুরাগ-বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি ন্যায়পর হতে হবে। স্থানীয় সরকার: প্রশাসনে নাগরিকদের শরিকানা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার সক্রিয় করার ক্ষেত্রে এখনো সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা হয়নি। বরং প্রশাসনের নানা ধরনের বেদাত প্রবর্তনের চেষ্টা করা হচ্ছে। এখন স্থানীয় শাসনের ক্ষেত্রে সংসদ সদস্যদের ক্ষমতা অভাবিতরূপে বেড়েছে। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকেরা হাবিবুর রহমানের কাছে সংবিধান সংশোধন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তাঁর মতামত জানতে চান। জবাবে তিনি বলেন, তাঁর এমন কিছু বলা উচিত নয়, যাতে বিতর্ক আরও বড় হয়।দ্য স্টেট অব গভর্নেন্স ইন বাংলাদেশ ২০০৯: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, খাদ্য নিরাপত্তা, ই-গভর্নেন্স ও অভিবাসন খাতে সরকারের কার্যক্রমের একটি মূল্যায়ন প্রকাশ করে আইজিএস। এতে ২০০৯ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়কে বেছে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার জনপ্রিয়তার স্বার্থে যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় আছে। জনগণ সেবা পাচ্ছে কি না, তদারকির জন্য প্রতিষ্ঠান আছে; কিন্তু রাজনৈতিক প্রভাব, দুর্নীতির কারণে এই প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারছে না। আইজিএসের পক্ষে ইরাম শেহরিণ আলী ও ক্রিস্টিনা রোজারিও প্রতিবেদনের খুঁটিনাটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোলাম সামদানী ফকির। সঞ্চালক ছিলেন আইজিএসের পরিচালক মনজুর হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন যাত্রীর প্রধান জামিল আহমেদ। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের বক্তৃতার পূর্ণ বিবরণ: সম্পাদকীয় পাতায়