দেশ বিক্রির কথা বলে বিরোধী দল মিথ্যা প্রচারণা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ বিক্রির কথা বলে বিভ্রান্তি ছড়াতে ও মিথ্যা অপপ্রচার চালাতে বিরোধী দল আদাজল খেয়ে নেমেছে। এই মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সজাগ থাকতে ইমাম-সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি আলেম-ওলামাদের ছোটখাটো মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় প্রশিক্ষণ পাওয়া ইমামদের এক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দেশের তিন লাখ মসজিদের ছয় লাখ ইমাম ও মুয়াজ্জিন দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের সার্বিক সহযোগিতায় সরকার দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারে। ইমামদের তিনি মাদকাসক্তি, সন্ত্রাস, নিরক্ষরতা, বাল্যবিবাহ, এসিড-সন্ত্রাস প্রভৃতির বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান। ধর্মের অপব্যবহার করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে ব্যাপারে ইমামদের সতর্ক থাকার আহ্বান জানান।তিনি বিরোধী দল বিএনপির বিরুদ্ধে ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনেন। তিনি বলেন, যারা ‘ইসলাম গেল ইসলাম গেল’ বলে রব তুলেছে, তাদের সময়েই মদের লাইসেন্স যথেচ্ছ বিতরণ করা হয়েছে। আর কিছু ইসলামি দল তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকারে গিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামকে ব্যাবহার করে ক্ষমতায় যাওয়াই প্রধান বিরোধী দলের মূল লক্ষ্য। আমাদের দেশের বেশির ভাগ মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।’