দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে কঠোর অবস্থান নেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে যে চুক্তি করেছে তা দেশ বিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপির নবগঠিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে বিএনপি নেতা ড. আর এ গনি এ কথা জানান। তিনি আরও জানান, চেয়ারপারসন খালেদা জিয়া কয়েকদিনের মধ্যে প্রেস কনফারেন্সে জাতির সামনে প্রধানমন্ত্রীর ভারত সফরে করা চুক্তি নিয়ে আমাদের অবস্থান তুলে ধরবেন। আজ রাত সাড়ে নয়টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কাউন্সিলের পর নবগঠিত বিএনপির নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এটাই প্রথম বৈঠক। বৈঠকে খালেদা জিয়া ছাড়াও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. আর. এ. গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ারসহ প্রমূখ। এর আগে বেগম খালেদা জিয়া বিএনপি সমর্থিত বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।