এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
দেশ যাতে কর থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৮ ফেব্রুয়ারি এসেছিলেন বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ সি নাথ। কথা বলেছেন কথাবন্ধু জয়ীর সঙ্গে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আয়কর আইনজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে আলোচনা।কথাবন্ধু: একজন আয়কর আইনজীবী হতে হলে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?এ সি নাথ: আয়কর আইনজীবীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বাণিজ্যে স্নাতক। ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন, ক্যাশ মেমো, ব্যাংকসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কেও তাঁর ধারণা থাকতে হবে। আয়কর আইনজীবীকে অবশ্যই আয়করদাতাকে উপযুক্ত কর দিতে যেমন সাহায্য করতে হবে, তেমনি দেশ যাতে কর থেকে বঞ্চিত না হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে। কারণ, দেশের উন্নতির অনেকটাই আয়করের ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে আয়কর আইনজীবীর শিক্ষা, অভিজ্ঞতা ও সদিচ্ছা ব্যাপক ভূমিকা রাখতে পারে।কথাবন্ধু: এ পেশায় আসতে চাইলে এলএলবি কোর্স কি বাধ্যতামূলক?এ সি নাথ: যদি বিকম বা এমকম ডিগ্রি থাকে, তাহলে এলএলবি আবশ্যক নয়। কারণ, বিকম ডিগ্রি থাকলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে পরীক্ষা নেয়, তা পাস করলে আয়কর আইনজীবী নিবন্ধিত হওয়া যায়। তবে এলএলবি ডিগ্রি থাকলে আনুষঙ্গিক সব আইন সম্পর্কে ধারণা পাওয়া যায়।কথাবন্ধু: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএ) থেকে ডিগ্রি নিয়ে কি এ পেশায় আসা যায়?এ সি নাথ: আয়কর আইনের ১৭৪-এর ২ ও ই ধারা অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টকে (সিএমএ) নিবন্ধনের জন্য কোনো পরীক্ষা দিতে হয় না। যদি সিএ ও সিএমএ কোর্স সম্পন্ন করা থাকে, তাহলে তাঁদের নাম আয়কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়।কথাবন্ধু: বাংলাদেশে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে?এ সি নাথ: বাংলাদেশে প্রায় ২০০ প্রতিষ্ঠান রয়েছে। আইসিএমএ ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) আলাদা প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানগুলোকে যাচাই করার পর নিজেকেই ঠিক করা উচিত যে আপনি কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করবেন।কথাবন্ধু: সাধারণ স্নাতক ডিগ্রি নিয়ে এ পেশায় আসতে হলে কী করতে হবে?এ সি নাথ: যাঁরা মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেন, তাঁদের কিন্তু এ বিষয়ের ওপর কোনো দক্ষতা থাকে না। এ জন্য তাঁদের থাকতে হবে এলএলবি কোর্স। আর সেই কোর্সে আয়কর আইন বিষয়টি থাকলে এ পেশায় কাজ করতে সুবিধা হয়। আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধন করার সময় এনবিআর যে বিজ্ঞাপন দেয়, তাতে বাণিজ্য বিভাগ চাওয়া হয়।কথাবন্ধু: আয়কর ও সাধারণ আইনজীবীর মধ্যে তফাত কী?এ সি নাথ: বিভিন্ন শর্ত পূরণ করে এনবিআরে নিবন্ধিত হলে আয়কর আইনজীবী হিসেবে পেশা শুরু করা যায়। আবেদনের পর লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করলে তাঁদের নিবন্ধন দেয় এনবিআর। এ জন্য এলএলবি দরকার হয় না। এলএলবি ডিগ্রি ছাড়া কিন্তু সাধারণ আইনজীবী হিসেবে কাজ করা যাবে না। তবে যাঁরা বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী, তাঁরা আয়কর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আয়কর আইনজীবী কোনো আদালতে প্র্যাকটিস করতে পারবেন না। এ জন্য এলএলবিসহ বার কাউন্সিলের সনদপত্র থাকতে হবে।শ্রোতাবন্ধু আশিক (খুদে বার্তা থেকে): চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি করতে কত পয়েন্টের দরকার হয়?এ সি নাথ: ভালো ফল সব ক্ষেত্রেই জরুরি। সিএ পড়ার ক্ষেত্রে আবেদন করার জন্য ৭ পয়েন্ট লাগবে। তবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এখন উচ্চমাধ্যমিকের পর অনেকেই সিএ করছেন। এইচএসসির পর ভর্তি হলে সময় বেশি লাগে। আর স্নাতকের পর তিন বছর সময় লাগে।কথাবন্ধু: বাংলাদেশসহ বাইরের দেশে এ পেশার চাহিদা কতটুকু রয়েছে?এ সি নাথ: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের চাহিদা সারা পৃথিবীতেই আছে। বাংলাদেশেও এর চাহিদা অনেক। আমার মনে হয়, চাকরিজীবনের শুরুতেই বাংলাদেশে যে বেতন দেওয়া হয়, তাতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাই সবচেয়ে বেশি বেতন পান।কথাবন্ধু: আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধনের জন্য কীভাবে এনবিআরে আবেদন করা যায়?এ সি নাথ: আয়কর আইনজীবী নিবন্ধন করার জন্য এনবিআর পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন অনুযায়ী তথ্য ও সনদপত্রের প্রমাণ দিয়ে এনবিআরে আবেদন করতে হয়। আবেদন মনোনীত হলে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরক্ষীয় পাস করলে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় পাস করার পর তাঁদের আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধন করা হয়।কথাবন্ধু: লিখিত ও মৌখিক পরীক্ষার ধরনটা কেমন?এ সি নাথ: এ জন্য সুনির্দিষ্ট কোনো পাঠক্রম নেই। তবে আয়করসংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নপত্র হয়। যেমন—আয়কর অধ্যাদেশ-১৯৮৪, আয়কর বিধি-১৯৮৪, অর্থ আইন ও অর্থ অধ্যাদেশ ইত্যাদি আইন, অধ্যাদেশ ও বিধিমালার বাস্তব প্রয়োগ সম্পর্কে যাচাই করা হয়। তবে মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করা হয়।কথাবন্ধু: আয়কর আইনজীবী হিসেবে পেশা গড়ার ক্ষেত্রে আপনার দিকনির্দেশনা কী হবে?এ সি নাথ: আয়কর আইনজীবী পেশা হিসেবে অত্যন্ত সম্মানজনক। তবে এ পেশায় সফল হবেন তাঁরাই, যাঁদের প্রচুর পড়াশোনার আগ্রহ আছে এবং যাঁরা আয়কর আইনসহ সংশ্লিষ্ট বিষয়ে সব সময় নিজেকে প্রস্তুত রাখতে পারেন। মেধা ও শ্রমের সার্থক মিলন ঘটাতে পারলেই এ পেশায় সফল হওয়া সম্ভব।গ্রন্থনা সুদীপ দে