দেশ রাজাকার ও অপশক্তিমুক্ত করতে প্রধানমন্ত্রীর আহ্বান (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত জ্ঞানভিত্তিক সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর: বাসস।আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০১২ প্রদানকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, একুশের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বাইরে বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশে অমর একুশের বার্তা ও সুর পৌঁছে গেছে। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী বিভিন্ন জাতির ভাষার অধিকার আদায়ের দিবস হিসেবে পালিত হচ্ছে। এ বছর ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগঠনকে একুশে পদক দেওয়া হয়েছে। এবার পদক পাওয়া ব্যক্তিরা হলেন: ভাষা আন্দোলনের জন্য এম এ ওয়াদুদ (মরণোত্তর), অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর), প্রিন্সিপাল এম কামরুজ্জামান (মরণোত্তর) ও তোফাজ্জল হোসেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য এনামুল হক মুস্তাফা শহীদ, সমাজসেবায় নূরজাহান মুর্শিদ (মরণোত্তর) ও স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর)। এ ছাড়া ভাষা ও সাহিত্যে রফিক আজাদ ও আসাদ চৌধুরী পদক পেয়েছেন।শিল্প-সংস্কৃতিতে পদক দেওয়া হয়েছে কাদেরী কিবরিয়া, জামাল উদ্দিন হোসেন, বিজয় কৃষ্ণ অধিকারী (লোকসংগীতের শিল্পী) ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীকে।সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে একই মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম স্বাগত বক্তৃতা দেন।অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।