দেশ সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশ সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। গ্যাস নেই, বিদ্যুত্ নেই, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, শেয়ারবাজারে কেলেঙ্কারি—এসব কারণে মানুষ মহাজোট সরকারের ওপর বিরক্ত। প্রতিদিন খবরের কাগজে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার খবর পাই। এসব দেখে বিচলিত হয়ে যাই। তাই শেষবারের মতো জাতীয় পার্টিকে সংগঠিত করে ঘুরে দাঁড়াতে চাই। এ জন্য কুমিল্লাবাসীর সর্বাত্মক সহযোগিতা দরকার।’আজ বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে ওই মহাসমাবেশ হয়।জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, দলের মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এন এম শফিকুর রহমান প্রমুখ।বিএনপির দুঃশাসনের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে লড়াই করার জন্য সুবিচার পেতে মহাজোটে গিয়েছি। মহাজোটে গিয়ে কতটুকু পেয়েছি, তা সময় এলেই জানা যাবে। আমরা মহাজোটকে সাহায্য করতে চাই। কিন্তু আমাদের কথা স্মরণ করেন না।’জি এম কাদের বলেন, ‘যত দিন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারব, তত দিন মহাজোটে থাকব। আমরা এখন অপেক্ষায় আছি।’