হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি তুলেছে, তা আমাদের মুক্তিযুদ্ধ এবং সুদীর্ঘ মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মৌলিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এসব দাবি তোলার লক্ষ্য মূলত দেশকে অন্ধকার অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া। এ ধরনের দাবির কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না।হেফাজতে ইসলামের অন্যতম দাবি—ধর্মীয় অনুভূতিতে যে বা যারা আঘাত হানবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন। এ সম্পর্কে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা যৌক্তিক। প্রধানমন্ত্রী বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনার প্রতিকার দেশের প্রচলিত অনেক আইনের মাধ্যমেই হতে পারে। তাই এ ধরনের নতুন কোনো আইন প্রণয়নের আবশ্যকতা নেই।বাংলাদেশের সংবিধানে সব ধর্মের অনুসারী এবং নারী-পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই সংবিধানই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিসংবলিত দলিল। হেফাজতে ইসলাম যেসব দাবি তুলেছে, তার মধ্যে সংবিধানের ওই মৌলিক নীতি ও বিধানের প্রতি কোনো শ্রদ্ধাবোধ প্রকাশ পায়নি।ড. আনিসুজ্জামান: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়