দেশকে এগিয়ে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোভার ও স্কাউটদের দেশের প্রয়োজনে সদা প্রস্তুত থাকার ও সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, ‘দায়িত্ব পালনে আপনাদের একনিষ্ঠ হতে হবে। সত্, দৃঢ় ও দেশাত্মবোধে উজ্জীবিত সুনাগরিক তৈরিতে আপনাদের গুরুদায়িত্ব পালন করতে হবে। এ মুট ও কমডেকায় আগত স্কাউট ও রোভারদের প্রতি আমার আহ্বান, আপনারা এ দেশকে, বিশ্বকে সামনের দিকে আরও এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হোন।’ শান্তি ও উন্নয়নে স্কাউটিং—এ স্লোগান সামনে রেখে গত মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জের ময়নামতির চরে শুরু হয়েছে দেশি-বিদেশি রোভার ও স্কাউটদের এই আসর। প্রধানমন্ত্রী গতকাল দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ মিলনমেলা ভাঙবে ৪ ফেব্রুয়ারি। মুটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী উপস্থিত রোভার ও স্কাউটদের উদ্দেশে বক্তব্য দেন। শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সমাজ উন্নয়ন ক্যাম্প বা কমডেকার আয়োজনের ফলে স্থানীয় জনসাধারণ উপকৃত হচ্ছেন। অংশগ্রহণকারীরাও বিভিন্ন এলাকার পরিবেশ ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পাচ্ছেন। স্কাউট আন্দোলন শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে পরিপূর্ণভাবে দক্ষ করে গড়ে তোলার আন্দোলন। এর মাধ্যমে ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা ধাপে ধাপে আত্মনির্ভরশীল ও সেবার ব্রত নিয়ে বেড়ে ওঠে। প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা নেয়। প্রধানমন্ত্রী প্রলয়কংরী সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সেবা ও সহযোগিতায় অনন্য ভূমিকা রাখায় স্কাউটদের অভিনন্দন জানান। তিনি রোভার মুট ও কমডেকা সফল করতে দেবীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে দেবীগঞ্জকে পৌরসভা করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ময়নামতি চরের বিশাল জায়গা স্কাউটসকে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুটের সাংগঠনিক কমিটির সভাপতি ও স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান স্বাগত বক্তব্য দেন। অন্যদের বক্তৃতা করেন মুট ও কমডেকা প্রধান আবুল কালাম আজাদ। এর আগে প্রধানমন্ত্রীকে মুট ও কমডেকা স্কার্ফ, ব্যাজ, সুভেনির ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ ইকবালুর রহিম, সাংসদ ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধান, সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে স্কাউট ও রোভাররা তাঁদের কসরত প্রদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী তাঁবু এলাকা পরিদর্শন করেন। স্কাউটসের এ আসরে দেশের ৬৪ জেলার ৬৩৯টি ইউনিট ও বিদেশি স্কাউটসহ প্রায় সাত হাজার স্কাউট অংশ নিচ্ছেন। এ আসরকে ঘিরে ইতিমধ্যে অপরূপ সাজে সাজানো হয়েছে ময়নামতির চরকে।