দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে মায়ের মতো ভালোবাসার অঙ্গীকার করার মধ্য দিয়ে গতকাল সোমবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলোর যুগপূর্তি অনুষ্ঠান। নগরের বরিশাল ক্লাবে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল শাখার শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রথম আলোর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা ‘বদলে যাও বদলে দাও’ স্লোগানের প্রতি সমর্থন জানিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।মতিউর রহমান বলেন, ‘আগামীকাল মঙ্গলবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় সহযোগীরা দেশের সেরা সন্তানদের হত্যা করে। আজ এখানে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদকে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বরিশালের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষকে, যাঁদের অবদান রয়েছে দেশ গঠনে।’প্রথম আলোর সম্পাদক বলেন, ‘আমাদের সামনে অনেক সম্ভাবনা রয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। শান্তিতে আমরা নোবেল পুরস্কার অর্জন করেছি। এসব প্রমাণ করে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এ বছর স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হচ্ছে। আমাদের যেমন অর্জন রয়েছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে কাজ করতে হবে। আমরা বাংলাদেশকে মায়ের মতো ভালোবাসি। আমরা দেশের কথা বলি। আমাদের মুক্তিসংগ্রাম নিয়ে গর্ব করি। আবার গর্ব করার পরিবর্তে অনেক সময় হতাশার কথা বলি। আসুন, নিজেদের একটু একটু করে বদলে আমরা বাংলাদেশকে আলোকিত ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করি।’মতিউর রহমান বলেন, ‘আমরা প্রতিদিন স্বাধীন বস্তুনিষ্ঠ একটি কাগজ হিসেবে প্রথম আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছি। এতে আমাদের ওপর বিভিন্ন মহলের চাপ রয়েছে। তার পরও আমরা এই অঙ্গীকার করতে চাই, আমরা আমাদের লক্ষ্য থেকে সরে আসব না। প্রথম আলোর একটাই লক্ষ্য, বাংলাদেশকে একটি আলোকিত দেশ হিসেবে গড়ে তোলা। পাঠকেরা প্রথম আলোকে গ্রহণ করেছেন। তাই পত্রিকাটি শীর্ষে অবস্থান করছে। এ কৃতিত্ব একমাত্র পাঠকদের।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, আইনজীবী তালুকদার মো. ইউনুস, বিচারক মো. আলতাফ হোসাইন, পুলিশ কমিশনার মো. আবদুর রহিম, মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন, চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান, দৈনিক পরিবর্তন-এর সম্পাদক সৈয়দ দুলাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস, জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি মহসিন উল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, সাবেক যুগ্ম সচিব মো. মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, আক্কাস হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।অতিথিদের বক্তব্য শেষে সংগীত পরিবেশন করেন মাহমুদুজ্জামান বাবু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান। উপস্থাপনা করেন আবৃত্তিশিল্পী ঝুমু কর্মকার।