দেশকে এগিয়ে নেবেন এমন রাষ্ট্রপতি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। শুধু সুশাসনের অভাবে এখানে বারবার রাজনৈতিক বিপর্যয় ঘটছে। সর্বত্র দলীয়করণ হচ্ছে, হরতাল হচ্ছে, খুন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তার পরও বাংলাদেশ এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকও। জাতিসংঘের উন্নয়ন সূচকের দিকে তাকালে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর অবস্থানের নেতিবাচক পরিবর্তন দেখা যায়। অথচ এই সূচকে বাংলাদেশ তাদের অবস্থান ধরে রেখেছে। বিষয়টি খুবই ইতিবাচক। এ অবস্থায় এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দরকার, যিনি শুধু দুই দলকে সামলাবেন না, একই সঙ্গে তিনি দেশকেও এগিয়ে নেবেন এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।স্বাধীনতার চেতনা অনুযায়ী আমাদের এখানে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে ওঠেনি। যাঁরা প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন, তাঁদের চেয়ে কয়েক শ গুণ বেশি সম্পদ অন্যের হাতে। খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণতা এসেছে। অথচ কৃষকের হাতে টাকা নেই। শিক্ষা আছে, অথচ শিক্ষার মান নেই। দুর্নীতি জাতীয় সংস্কৃতির অংশ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে একজন অরাজনৈতিক ব্যক্তিই রাষ্ট্রপতি হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে খুব বেশি ক্ষমতা দেওয়া হয়নি। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একই রাজনৈতিক দর্শনের হওয়ায় জবাবদিহির জায়গা কম। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ৯০ ভাগ সময় ব্যয় করেন নিজেদের গুণকীর্তন করে। বাকি সময় অপচয় করেন বিরোধী পক্ষের সমালোচনায়। তা সত্ত্বেও এখন যিনি রাষ্ট্রপতি হবেন, তাঁর ওপর কিছু অলিখিত দায়িত্ব বর্তাবে। প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে সরকারকে শুধু দিকনির্দেশনা দেওয়াই নয়, এ ক্ষেত্রে সরকারকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে পরবর্তী রাষ্ট্রপতিকে। দুর্নীতি যাতে দায়মুক্তি না পায়, সে ব্যবস্থা করতে হবে। ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ এ কথাটি যাতে শুধু মুদ্রিত সংবিধান আর স্লোগানে সীমাবদ্ধ না থাকে। আক্ষরিক অর্থেই জনগণ যাতে ক্ষমতার উৎস হতে পারে, সে বিষয়ে জাতিকে দিকনির্দেশনা দেওয়ার মতো একজন রাষ্ট্রপ্রধান দরকার।সালমা খান: নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ-সংক্রান্ত জাতিসংঘ সনদ (সিডও) কমিটির সাবেক চেয়ারপারসন