দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই এ হরতাল: কামরুল
বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। খবর বাসসের।আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী এক সমাবেশ ও মানববন্ধন করা হয়। সেখানেই আইন প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।ধর্মভিত্তিক দলগুলোর ডাকা আজ রোববারের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, জনগণ তাদের হরতাল প্রত্যাখ্যান করে দোকানপাট খুলেছে। রাস্তায় গাড়ি বের করেছে। সাধারণ মানুষ হরতাল প্রতিহত করতে রাস্তায় বের হয়ে এসেছে।কামরুল ইসলাম বলেন, ‘জামায়াত-শিবির চক্র নানাভাবে ইসলাম ধর্ম নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে। শাহবাগ আন্দোলন নিয়েও এ ধরনের প্রচারণা চালাচ্ছে তারা। আমরা এ বিষয়টা খতিয়ে দেখছি।’আইন প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে এবং দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে এমন কোনো তথ্য প্রচার করার অধিকার কোনো গণমাধ্যমের নেই। কিন্তু ওই পত্রিকাটি (আমার দেশ) এটা করেছে।’ তিনি বলেন, ‘শুক্রবারের তাণ্ডবের পেছনে থেকে যারা ইন্ধন দিয়েছে, তাদের বিচার অবশ্যই হবে।’