দেশকে দুর্নীতিমুক্ত করতে আগামী নির্বাচনে অংশ নেব: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, দেশকে দুর্নীতি ও সংঘাতমুক্ত করার লক্ষ্য নিয়েই তাঁর দল আগামী নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, ‘আমরা বরাবরই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। উচ্চ আদালতের রায়ের মাধ্যমে আমাদেরই বিজয় হয়েছে। এখন কোনো দল নির্বাচনে অংশ না নিলে দেশ স্থবির হয়ে থাকবে না।আজ বৃহস্পতিবার তাঁর বনানী কার্যালয়ে চারজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশত ব্যক্তির জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।সভায় আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এবং যোগদানকারীদের পক্ষে মেজর (অব.) মাসুদ ইকবাল। যোগদানকারী সেনা কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) ওবায়দুল সালাম, লে. (অব.) মইনুল মাহবুব ও লে. (অব.) সাইফুল আলম। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।যোগদানকারীদের দলে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, যাঁরা জাতীয় পার্টিতে যোগদান করেছেন, তাঁরা সঠিক সময়ে সঠিক কাজ করেছেন। তিনি বলেন, ‘কোনো তত্ত্বাবধায়ক সরকারই জাতীয় পার্টির প্রতি নিরপেক্ষ আচরণ করেনি। ৯০ সালে ক্ষমতা ছাড়ার পর বিচারপতি সাহাবুদ্দীনের সরকার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা না করলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় ফিরে আসত। তাই আমরা ৯৭ সাল থেকেই বলে আসছি—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রের জন্য একটি কলঙ্কের চিহ্ন। আদালতের রায়ে সেটাই প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, এখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার আর কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি জনপ্রিয়তা প্রমাণ করবে। বাসস।