দেশকে বেহাল রেখে যাইনি: চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের চিকিৎসায় কিউবায় থাকাকালে দেশকে বেহাল অবস্থায় ফেলে যাননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। চিকিৎসার জন্য চাভেজ ভালোভাবে দেশ পরিচালনা করতে পারছেন না—বিরোধীদের এমন দাবির জবাবে গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। টেলিফোনের মাধ্যমে চাভেজ এই ভাষণ দেন বলে রয়টার্স জানিয়েছে। চাভেজ বলেন, ‘আমিই রাষ্ট্র চালাচ্ছি। রাষ্ট্রপ্রধান হিসেবে আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছি। কিন্তু এই ভিন্ন পরিস্থিতিতে আমি কিছুদিন দেশের বাইরে থাকব। আমি অচিরেই ফিরে আসব।’ক্যানসারের চিকিৎসা নিতে কিউবা যাওয়ার পর গত এক সপ্তাহ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে চাভেজকে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরোধীরা দাবি করেন, তিনি সঠিকভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন না। ভেনেজুয়েলা পরিচালিত হচ্ছে টেলিফোন বা টুইটারের মাধ্যমে। বিরোধীদের এ সমালোচনা নাকচ করে চাভেজ বলেন, ভেনেজুয়েলার নেতৃত্বে তিনিই আছেন এবং অচিরেই দেশে ফিরে আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার চালাতে শুরু করবেন। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করে চাভেজ বলেন, ‘নির্বাচনে বিরোধীরা কখনোই জয়ী হতে পারবে না। আমারা তাদের হারিয়ে দেব।’