দেশকে ব্যর্থ করতে সংবিধান সংশোধনের অপচেষ্টা: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান দিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে সংকট তৈরি করা হচ্ছে। বাংলাদেশ নামক দেশটিকে ব্যর্থ ও অকার্যকর করতে এবং পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলার যে ষড়যন্ত্র তারই ধারাবাহিকতায় এ সংকট সৃষ্টি করা হচ্ছে।জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার দুপুরে ‘সংবিধান নিয়ে অনিশ্চয়তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, সংবিধানের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন। এ জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ইলেকট্রনিক ভোটের কথা বলছেন। আমরাও প্রযুক্তি চাই। কিন্তু যে প্রযুক্তিতে কারচুপির সুযোগ থাকে সেই প্রযুক্তি জনগণ মেনে নেবে না।’তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আজ সংকট তৈরি করা হচ্ছে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইছে। এগুলো জনগণ মেনে নেবে না।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সদরুল আমিন প্রমুখ।