দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সরকার সব আয়োজন শেষ করেছে। অচিরেই তা বাস্তবায়ন করার চেষ্টাও চলছে। সরকারের এই দুরভিসন্ধি কঠোরভাবে দমন করবে বিএনপি।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এদিকে সকালে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা। তারা সন্ত্রাসীদের পালন করছে। তাই এদের কাছে সুষ্ঠু বিচার চাওয়া বোকার স্বর্গে বসবাসের শামিল। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপিকে আন্দোলনে নামতে হবে।জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে ঢাকার সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে হান্নান শাহ এসব বলেন।হান্নান শাহ বলেন, নাইকো মামলার আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রত্যাহার করে নেওয়া হলেও একই মামলায় বিরোধী দলের নেতার নাম প্রত্যাহার করা হয়নি। এটা আইনি শাসনের পরিপন্থী।মানববন্ধনে সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান, ওলামা দলের সভাপতি এম এ মালেক, ফোরামের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, বিএনপির নেতা শামীমুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।