বিএনপির নেতারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছে সরকার। এ চুক্তি জনগণের স্বার্থে হয়নি।পটুয়াখালী জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এ অভিযোগ করেন। পটুয়াখালী জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, সরকার ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশকে ওই দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। সরকারের এককভাবে ভারতের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি করা ঠিক হয়নি। কোনো চুক্তি করার আগে জাতীয় সংসদে আলোচনা করা উচিত ছিল। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বারবার বলেছেন, ভালো কাজ করলে তাঁদের দল সমর্থন দেবে। কিন্তু সরকার এক বছরে দেশের মানুষকে ভালো কোনো কিছু দিতে পারেনি। এক বছরে প্রতিটি ক্ষেত্রে কেবল ব্যর্থতা উপহার দিয়েছে।মাহাবুবুর রহমান বলেন, ‘আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন, তা না করে তিনি ভারতের স্বার্থ হাসিল করে আসলেন। ভারত যদি চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে, তবে আস্তে আস্তে বাংলাদেশের সকল ক্ষেত্রে তারা বিস্তার লাভ করবে।’স্থায়ী কমিটির অন্য সদস্য আ স ম হান্নান শাহ বলেন, সরকার ভারতের সঙ্গে যে চুক্তি করেছে, সেটা ভারতকে দেওয়া নির্বাচনী ইশতেহার। তারা ভারতের কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছে। এ চুক্তি বাংলাদেশের জনগণের নয়। এতে করে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সরকারদলীয় ক্যাডারদের হামলা-মামলায় পটুয়াখালীর সাধারণ জনগণ আতঙ্কে জীবনযাপন করছে। জেলার সব মানুষ এখন পটুয়াখালী আওয়ামী সন্ত্রাসীদের হাতে জিম্মি।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহাজাহান ওমর, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রব প্রমুখ উপস্থিত ছিলেন।