ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১
দেশকে ভালোবাসার আহ্বান জানিয়ে আঞ্চলিক উৎসবের শুরু বগুড়ায়
মা-মাটি-দেশকে ভালোবাসার আহ্বান জানানোর মধ্য দিয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর আঞ্চলিক পর্যায়ের উৎসব শুরু হয়েছে। গতকাল সোমবার আঞ্চলিক পর্যায়ের প্রথম উৎসবের আয়োজন করা হয় বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ মাঠে।বগুড়ার উৎসবে ওই জেলা ছাড়াও গাইবান্ধা, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা উৎসবে মাদক, মুখস্থ করা ও মিথ্যাকে পরিহারের অঙ্গীকার করে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজনে এই উৎসবে এবারও পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। উৎসবের চূড়ান্ত পর্ব থেকে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্য নির্বাচন করা হবে।শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল সাড়ে আটটা না বাজতেই আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের মাঠ পূর্ণ হয়ে ওঠে শিক্ষার্থীদের কোলাহলে। সকাল নয়টায় জাতীয় সংগীত গেয়ে এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। জাতীয় সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জি ও তাঁর সংগঠনের সদস্যরা।আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও বগুড়ার ব্যবসায়ী সৈয়দ আহমেদ কিরণ। সকাল নয়টা ৫০ মিনিটে শুরু হয় সোয়া ঘণ্টার গণিত মূল্যায়ন পরীক্ষা। পরীক্ষা শেষে খাতা দেখার পাশাপাশি শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের শিল্পীরা গান গেয়ে শোনান এবং বগুড়া বন্ধুসভার সদস্যরা একটি নাটক মঞ্চস্থ করেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। গণিতের ওপর নানা ধরনের প্রশ্ন করে শিক্ষার্থীরা। প্রশ্নের উত্তর দেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুনির হাসান ও একাডেমিক সমন্বয়কারী সুব্রত দেবনাথ। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ বছর থেকে নতুন উদ্যোক্তা সম্মাননা প্রদানের জন্য বগুড়ার ব্যবসায়ী সৈয়দ আহমেদ কিরণের নাম ঘোষণা করা হয়।আলোচনা অনুষ্ঠানে গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বেশি করে গণিত শিখতে হবে এবং দেশকে মায়ের মতো ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে।’কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, আগামী ২০১২ সালের মধ্যে দেশে বেশ কয়েকটি গবেষণাকেন্দ্র চালু করা হবে। আগামী বছর ঢাকায় আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে।আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের প্রয়োজন রয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ, ডাচ্-বাংলা ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক আবু আলী মোহাম্মদ আরিফুর রহমান, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মিলন রহমান ও গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রশিদ।অনুষ্ঠানের শেষ পর্বে বগুড়া আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী ৬০ জনের নাম ঘোষণা করা হয়। উৎসবে উপস্থিত হতে না পারায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল মুঠোফোনে শিক্ষার্থীদের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন।নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, আজ মঙ্গলবার সেখানে আঞ্চলিক পর্যায়ের গণিত উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের আসর বসছে রংপুর জিলা স্কুলে। উৎসবে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে রংপুর জিলা স্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছে। উৎসব ঘিরে সাজানো হয়েছে জিলা স্কুলকে। গতকাল বিকেলে জিলা স্কুলে পরীক্ষকদের সঙ্গে উৎসবসংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা হয়। উৎসবের উদ্বোধন করবেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অতিথিরা উপস্থিত থাকবেন।