‘মাতৃভূমি মাগো তুমি আমায় করো ক্ষমা, তোমার কাছে আমার আছে অনেকটা ঋণ জমা’—মায়ের মতো দেশের ঋণ কখনোই শোধ করা যাবে না। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করতে হবে প্রত্যেক মানুষকে। সেই তাগিদ থেকে দেশকে মায়ের মতো ভালোবেসে আলোকিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করল প্রথম আলো।প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে যখন এই অঙ্গীকার ঘোষণা করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ, বিচারপতি, সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য, কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, কবি, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, দেশি-বিদেশি কূটনীতিক, আইনজীবী, মানবাধিকারকর্মী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাঁরা প্রথম আলোর এই অঙ্গীকারকে তুমুল হাততালি দিয়ে সমর্থন জানান।সন্ধ্যায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া যুগপূর্তির এই অনুষ্ঠান পরিণত হয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেশাত্মবোধক গান, নাচ আর প্রথম আলোর স্লোগানের পক্ষে তৈরি বিজ্ঞাপন অতিথিদের মনোযোগ কাড়ে। অতিথিরা উপভোগ করেন গত ১২ বছরে প্রথম আলোয় প্রকাশিত বিভিন্ন সংবাদ এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে তৈরি হওয়া প্রামাণ্যচিত্র।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপ এবং মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান। তিনি বলেন, ‘প্রথম আলো এক যুগ পূর্ণ করেছে। প্রথম আলোকে এগিয়ে যেতে হবে আরও অনেক দূর। স্বাধীনভাবে চলতে হবে আগামীর পথে।’ লতিফুর রহমান বলেন, ‘প্রথম আলো এ দেশের মানুষের মুখপত্র, সুশাসনের শক্তি। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না। আজ থেকে ৭০ কিংবা ১০০ বছর পর প্রথম আলোকে হয়ে উঠতে হবে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অঙ্গীকার ঘোষণা করে বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরে আমাদের যেমন অনেক অর্জন আছে, তেমনি ব্যর্থতাও আছে। এখনো দারিদ্র্য, অশিক্ষা আমাদের দরজায় ভীষণভাবে কড়া নাড়ে। হানাহানির ঘটনাও দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। কিন্তু নানা প্রাপ্তির হিসাব কষলে আমরা হতাশ নই। নিশ্চয়ই বাংলাদেশ এগোবে। সোনার বাংলার মুখ মলিন হবে না।’ তিনি বলেন, ‘হামলা-মামলায় প্রথম আলো ভয় পাবে না, পিছিয়েও যাবে না। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকবে। সত্য ও সুন্দরের পথে নিষ্ঠাবান থাকবে।’অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা প্রথম আলো পত্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংখ্যা, কার্টুন, সংবাদ নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন।অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, স্পিকার আবদুল হামিদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বিমানমন্ত্রী জি এম কাদের, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা এইচ টি ইমাম ও মসিউর রহমান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মেয়র সাদেক হোসেন খোকা, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংসদ রাশেদ খান মেনন, সারাহ্ বেগম কবরী, প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, ড. কামাল হোসেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, তথ্য কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ জমির, কাজী ফজলুর রহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, ড. মাহবুব হোসেন, কাজী খলীকুজ্জমান আহমদ, সৈয়দ মঞ্জুর এলাহী, ওয়াহিদউদ্দিন মাহমুদ, গীতি আরা সাফিয়া চৌধুরী, রোকেয়া রহমান, হামিদা হোসেন, সালমা খান, সিমিন মাহমুদ, মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল, সাংসদ আসাদুজ্জামান নূর, মোস্তফা ফারুক মোহাম্মদ ও রেজা আলী, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, নাট্যকার আতাউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে এবিএম মূসা, গোলাম সারওয়ার, রিয়াজউদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন, আলমগীর মহিউদ্দিন, মতিউর রহমান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সামিট গ্রুপের মুহাম্মদ আজিজ খান, পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি ইকবাল হাবিব, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদসহ ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, আনিসুল হক, আব্দুস সালাম মুর্শেদী, অভিনেতা রাজ্জাক, ফারুক, দিতি, মৌসুমী, পপিসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত দুটি গানে কণ্ঠ দেন শিল্পী সুজেয় শ্যাম, শাহীন সামাদ, সুবীর নন্দী, তপন চৌধুরী, শাকিলা জাফর, ফাহমিদা নবী ও মাহমুদুজ্জামান বাবু। এ ছাড়া প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে একটি গান তৈরি করা হয়। গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, মাহাদী, কণা, রন্টি ও মিলন মাহমুদ। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরের ধারার শিল্পীরা।