উৎসব-আনন্দ-দুঃখ-বেদনায় যারা সঙ্গে থাকে, তারাই বন্ধু। সেই বন্ধুদের নিয়েই প্রথম আলো উদ্যাপন করেছে তার এক যুগ পূর্তি উৎসব। হেমন্তের দিনে বেলা গড়ালেই সন্ধ্যার আবছায়া নেমে আসে। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চের সামনে সেই বন্ধুরা এসে জড়ো হয়েছিল অপরাহ্নের কোমল আলো গায়ে মেখে। তাদের সামনে উন্মুক্ত মঞ্চটি পরিপাটি করে সাজানো। সেখানে সোনালি নকশায় জাতীয় সংগীতের চরণ আর এই কথাটি লেখা, ‘আসুন, দেশকে মায়ের মতোই ভালোবাসি’। যুগপূর্তির উৎসবে প্রথম আলো দেশবাসীর প্রতি এই আহ্বানই জানিয়েছে।‘দেশের কথা দেশের গান’—এই ছিল অনুষ্ঠানের শিরোনাম। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা দুই ঘণ্টার আয়োজন। শুরু হয়েছিল রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় সুরের ধারার শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। এরপর দুটি গান গেয়ে শুনিয়েছেন শিল্পী সজীব। তিনি শুরু করেছিলেন ‘ফিরে এলাম জন্মভূমি আজ তোমারই কোলে’ গেয়ে।গানের পর দেশের কথা বলতে আর প্রথম আলো এবং তার পাঠকদের শুভেচ্ছা জানাতে মঞ্চে এলেন দেশের স্বনামখ্যাত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গানের সুরে ছেদ পড়েছিল বটে; তবে তাঁরা নানা কথায়, সংকল্পে, প্রতিজ্ঞায় আমাদের দেশকে আগামী দিনের বংশধরদের জন্য সুন্দর ও শান্তিময় করে তুলতে যার যার সাধ্যানুযায়ী অবদান রাখতে অনুপ্রাণিত করে তুলেছিলেন সমবেতজনদের।বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বললেন, ‘দেশের মঙ্গলের পথে নির্বিঘ্ন হোক প্রথম আলো ও আমাদের সকলের যাত্রা।’ অধ্যাপক মোজাফ্ফর আহমদ বললেন, ‘প্রথম আলো গণমানুষের সংগ্রাম ও উত্তরণের কাহিনি তুলে ধরে সবাইকে ভালো কাজে আরও অনুপ্রাণিত করুক।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বক্তব্য ছিল, ‘প্রথম আলো গণমানুষের কথা বলুক। গণমানুষ ও সরকারের সঙ্গে সেতুবন্ধ সৃষ্টিতে কাজ করে যাক।’ প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বললেন, ‘সমাজ থেকে সকল অন্যায়, কুসংস্কার, অজ্ঞানতার অন্ধকার দূর করতে প্রথম আলো জ্ঞানের আলো, কল্যাণের আলো ছড়িয়ে দিক।’‘দেশকে ভালোর দিকে নিয়ে যেতে হলে সবাইকে নেতিবাচকতা ত্যাগ করতে হবে। বদলে যেতে হবে ভালোর দিকে’—এটাই ছিল অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের কথা। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন, ‘যে কথা আমরা অনেক সময় ভুলে যাই, প্রথম আলো তা মনে করিয়ে দিয়ে বিবেকের মতো কাজ করে চলেছে।’ অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘প্রথম আলো সমাজের অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দিচ্ছে। আমরা এই আলোয় উদ্ভাসিত হতে চাই।’ আব্দুন নূর তুষার বললেন, ‘প্রথম আলো প্রবীণের অভিজ্ঞতা ও তরুণের শক্তিকে সমন্বয় করে তার লক্ষ্যে এগিয়ে চলেছে। পরিণত হয়েছে বাংলাদেশের অংশে।’ জয়া আহসান প্রথম আলোর এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানান।ইভ টিজিং না করার জন্য তরুণ প্রজন্মকে অঙ্গীকার করালেন নায়করাজ রাজ্জাক। তিনি বলেন, ‘ভালোবাসা জোর করে হয় না। ভালোবাসা ভালো; কিন্তু কেউ ভালো না বাসলে তাকে উত্ত্যক্ত, নির্যাতন, হত্যা করতে হবে—এটি অত্যন্ত ঘৃণ্য ব্যাপার।’ তরুণ প্রজন্মকে তিনি বললেন, ‘আমার সঙ্গে অঙ্গীকার করো, ইভ টিজিং করব না।’ তরুণেরা উচ্চকণ্ঠে বলেছে, ‘ইভ টিজিং করব না।’ একই সঙ্গে তারা মাদককেও ‘না’ বলেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামানের আহ্বানে সাড়া দিয়ে। আর প্রথম আলোর পাঠকদের, বিশেষ করে যে বিপুুল তরুণ সমাজ রয়েছে প্রথম আলোর সঙ্গে, তাদেরও শুভেচ্ছা জানান বিশিষ্টজনেরা।সন্ধ্যার আঁধার ঘনিয়ে এসেছিল ততক্ষণে। মঞ্চে প্রিয় শিল্পীদের পেয়ে পছন্দের গান শোনানোর আবদার আসতে শুরু করেছিল শ্রোতাদের তরফ থেকে। তাঁরা কিছু কিছু আবদার রেখেছেনও। যেমন অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘নিথুয়া পাথারে’ গেয়ে শুনিয়ে তবেই শ্রোতাদের অনুমতি পেলেন মঞ্চ ছাড়ার। আইয়ুব বাচ্চু ‘ইট পাথরের সত্যগুলো গোপন রেখে’ গেয়ে বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু শ্রোতারা কি এত অল্পে তুষ্ট হয় এত কাছে তাঁকে পেয়ে! সবাইকে নিয়ে তিনি গাইলেন ‘সেই তুমি কেন এত...’। সন্ধ্যার আকাশ মুখরিত হলো সুরে ‘তুমি কেন বোঝো না...’।এমন সময় মঞ্চে এলেন তিশা আর জাহিদ হাসান। তাঁরা তো গাইবেন না, সাফ জানিয়ে দিলেন। তাহলে কী করবেন তাঁরা? অভিনয়? ঠিক তা-ও নয়। জাহিদ হাসান দর্শকদের বললেন, ‘আমরা দুজন সরাসরি চলে এসেছি শুটিং থেকে। নাটকে তিশা আমার বউ। বাসরঘরে ঢুকব। তার আগে বাড়িতে ফোন করে মৌকে বললাম, ‘আমি বাসরঘরে ঢুকছি। তুমি একটু দোয়া কোরো।’ হাসির রোল উঠল দর্শকদের সমাবেশে। এভাবেই বেশ কিছুক্ষণ তাঁরা তাঁদের মজার মজার অভিজ্ঞতার কথা বলে জমিয়ে ফেললেন অনুষ্ঠান। তাঁরা মাদককে ‘না’ বলা ও ইভ টিজিংকারীদের প্রতিহত করার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।মাহমুদুজ্জামান বাবু গেয়ে শোনালেন জন বায়াজের বাংলাদেশ নিয়ে সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ/ লাখো প্রাণের রক্তে রাঙা দেশ’।গান, কথোপকথন, এর ফাঁকে আবৃত্তিও ছিল। জাহীদ রেজা নূর আবৃত্তি করে শোনালেন শামসুর রাহমানের কবিতা ‘গেরিলা’। তার আগে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের বর্বর গণহত্যার দুটি মর্মস্পর্শী ঘটনা তুলে ধরেন তিনি। এরপর এলেন তপন চৌধুরী। অনুষ্ঠানে প্রধানত দেশের গানই শুনিয়েছেন শিল্পীরা। মাঝেমধ্যে শ্রোতাদের কিছু অনুরোধের গান। ‘একতারা লাগে না আমার দোতারাও লাগে না/ দেশের গান গাইতে আমার হূদয় থেকে সুর আসে’ গেয়ে শোনালেন তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে গান ‘ছোট্ট একটি স্বপ্ন’ গেয়ে শোনালেন ফাহমিদা নবী। তারপর শ্রোতাদের কাছ থেকে এল বিপুল অনুরোধ ‘কবিতা পড়ার সময় এসেছে রাতের নির্জনে’ শোনানোর জন্য। শোনালেনও। এবার কি তবে বিদায়? কিন্তু ওই যে ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, সেটি না গাইলে হবে কেমন করে! অতএব এড়াতে পারলেন না সহস্র কণ্ঠের অনুরোধ। মঞ্চে ডেকে নিলেন উৎসাহী কয়েক শিশু-কিশোরকে। গেয়ে শোনালেন সবাইকে নিয়ে ‘তারপর হাতছানি অল্প...’।এর ফাঁকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এলেন মঞ্চে। প্রথম আলোর পাঠকদের শুভেচ্ছা, অভিনন্দন জানালেন। বললেন, ‘আমরা বদলে যাবার কথা বলেছি। এবার বলছি, আসুন, দেশটাকে মায়ের মতো ভালোবাসি। সবাই মিলে খুব সুন্দর করে আমাদের দেশটিকে আমরা গড়ে তুলি। একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠা করি, যেখানে কোনো বিদ্বেষ, হানাহানি থাকবে না। আমাদের বংশধরেরা নিরাপদে বসবাস করতে পারবে। তারা মেধা, সৃজনশীলতা, সকল সম্ভাবনা বিকশিত করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’ সবশেষে মঞ্চে এলেন শিল্পী আসিফ আকবর। গেয়ে শোনালেন প্রথম আলোর গান ‘তুমি জাগলে তবে পোহাবে রাত’, তারপর ‘শাবাশ বাংলাদেশ’। অগণিত কণ্ঠ মিলে গেল তাঁর কণ্ঠের সঙ্গে। বাংলাদেশ, বাংলাদেশ ধ্বনিতে ধানমন্ডি লেকের পাড়ে তখন জেগে উঠেছে যে প্রজন্ম, তারা প্রতিজ্ঞা করেছে দেশকে ভালোবাসবে মায়ের মতোই।আজ প্রদর্শনী: প্রথম আলোর এক যুগ পূর্তি উৎসবে আজ শুক্রবার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সকাল ১০টায় শুরু হবে ১২ বছরের নির্বাচিত কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনী। এ ছাড়া থাকবে পাপেট, মাইম শোসহ বিভিন্ন আয়োজন। বিকেল চারটা পর্যন্ত এই অনুষ্ঠান সবার জন্য থাকবে উন্মুক্ত।প্রথম আলোকে শুভেচ্ছা: প্রথম আলোর এক যুগ পূর্তিতে ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তাঁদের মধ্যে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর। সংগঠনগুলোর মধ্যে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা, চ্যানেল আই, বাংলাভিশন, এটিএন নিউজ, মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও, অটবি, বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বিটপি, মাত্রা, এটিএন ট্রাভেলস নেটওয়ার্কস, এনেক্স কমিউনিকেশন, গ্রো অ্যান্ড এক্সেল, অরিয়ন গ্রুপ, জেট এয়ারওয়েজ, সিটিব্যাংক এনএ, আশিয়ান সিটি, পেপার রাইম, ফোরথট পিআর, টইটুম্বুর, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমিতি ইত্যাদি।