দেশকে সংঘাতে ঠেলে না দেওয়ার আহ্বান খালেদার
দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আজ সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। একই সঙ্গে সরকারের সব অন্যায়ের প্রতিবাদ জানাতে এবং নিজেদের অধিকার আদায় করতে বিজয়ের এই মাসে দেশবাসীকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি। মির্জা ফখরুলের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন বিএনপির চেয়ারপারসন।খালেদা জিয়া বলেন, ‘আমার সঙ্গে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা রবার্ট ও. ব্লেকের পূর্ব নির্ধারিত বৈঠকে যোগদানের উদ্দেশ্য দলীয় কার্যালয় থেকে রওনা দেওয়ার প্রাক্কালে মির্জা ফখরুল ইসলামকে আটক করা হয়েছে। আমি এ ধরনের ঘৃণ্য কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খানের সই করা বিবৃতিতে আরও বলা হয়, দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ সরকার নগ্ন ফ্যাসিবাদী চেহারায় আবির্ভূত হয়েছে। গণবিচ্ছিন্ন এই সরকার খুন, গুম, হামলা, জুলুম, নির্যাতন, চক্রান্ত, গ্রেপ্তার ও মিথ্যাচারের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন, ভিন্নমত দমন এবং দেশবাসীকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশের সচেতন ও বিবেকবান সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সরকারের চরম ব্যর্থতা, অপশাসন এবং সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থেকে একটি কারচুপির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অসদুদ্দেশ্যে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দিয়েছে। খালেদা জিয়া বলেন, বিরোধী দল যখন জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভোটাধিকার রক্ষায় আন্দোলনের সূচনা করেছে, তখন স্বৈরাচারি ভূমিকায় আবির্ভূত হয়ে সরকার মিথ্যাচার, ষড়যন্ত্র ও চরম দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। বিরোধী দলের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কেবল প্রশাসনিক প্রতিবন্ধকতাই আরোপ করছে না, দলীয় সন্ত্রাসীদের নামিয়ে সশস্ত্র হামলাও চালাচ্ছে। সাধারণ মানুষের ওপরেও তারা আক্রমণ চালাচ্ছে। বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের ডাকা রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। রাজধানীর গাবতলীতে হামলা করে সাবেক সাংসদ নাজিমুদ্দিন আলমকে গুলি করে মারাত্মকভাবে আহত করেছে। তারা আইনজীবীদের ওপর হামলা করেছে। সারাবিশ্ব দেখেছে, সরকারি দলের হিংস্র সন্ত্রাসীরা কী নৃশংসভাবে বিশ্বজিত্ নামের কর্মজীবী এক তরুণকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। অথচ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় এসব পৈশাচিক ঘটনা ঘটলেও এই সন্ত্রাসীদের কাউকে বাধা দেওয়া হয়নি, গ্রেপ্তার করা হয়নি, এমনকি তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হয়নি। অথচ বিরোধী দলের শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষকে নির্বিচারে আটক ও নির্যাতন করা হচ্ছে। একটি সভ্য দেশে এমন দ্বৈত ব্যবস্থা চলতে পারে না। খালেদা জিয়া বিজয়ের এই মাসে সব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিপীড়িত জনগণের বিজয় অনিবার্য এবং অতি নিকটবর্তী। তিনি কাল মঙ্গলবারের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের মাধ্যমে আন্দোলনকে পরবর্তী ধাপে উন্নীত করার আহ্বান জানান।