দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে সাংগঠনিক কাজ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি অঞ্চলের নেতৃত্বে থাকবেন দলের স্থায়ী কমিটির একজন করে সদস্য। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, দলকে আরও সংগঠিত করতেই সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অন্য কোনো দায়িত্ব পালন অথবা অসুস্থতার কারণে কেউ নির্ধারিত অঞ্চলের নেতৃত্ব দিতে না পারলে দলের সহসভাপতি অথবা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবকে দায়িত্ব দেওয়া হবে।বৈঠকে বিএনপির চলমান মাসব্যাপী কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। ৬ এপ্রিলের মধ্যে রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশ আয়োজনের মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।সূত্র জানায়, বৈঠকে ঢাকার বাইরের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। এসব সমাবেশে দলের চেয়ারপারসন উপস্থিত থাকবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সূত্র আরও জানায়, বৈঠকে সদস্য সংগ্রহ অভিযান নিয়েও আলোচনা হয়। সদস্যদের বিষয়ে তথ্যভাণ্ডার (ডেটাবেস) তৈরির সিদ্ধান্ত হয়েছে। দলের যেসব জেলা কমিটি এখনো হয়নি বা কমিটি নিয়ে কোন্দল রয়েছে, এমন সমস্যার দ্রুত অবসানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের নেতৃত্বে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।গুলশানের কার্যালয়ে রাত সাড়ে আটটায় বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১১টায় শেষ হয়। বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তবে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন চিকিত্সার জন্য দেশের বাইরে থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন না।বৈঠকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন, খালেদা জিয়ার নিরাপত্তা, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।