গাইবান্ধায় তিন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা (ভিডিও)
দেশজুড়ে জামায়াতের ব্যাপক সহিংসতা, নিহত ৩৫
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার রায়ের আগে ও পরে রাজধানীসহ ১৫ জেলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাণ্ডব শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ বাধে। এতে নিহত হয়েছেন ৩৫ জন।রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিহত হয়েছেন জামাত-শিবিরের চার কর্মীসহ পাঁচজন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির। সেখানে সংঘর্ষে জামায়াত-শিবিরের দুই কর্মীও নিহত হন। ঠাকুরগাঁওয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রদল, যুবদল ও ছাত্রশিবিরের তিন কর্মীসহ চারজন নিহত হয়েছেন। সাতক্ষীরায় সংঘর্ষে নিহত হয়েছেন জামায়াত-শিবিরের চার নেতা-কর্মী এবং জামায়াত-শিবিরের হামলায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।সিরাজগঞ্জ সদর উপজেলায় নিহত হয়েছে এক কলেজছাত্র ও এক কিশোর। দিনাজপুরের চিরিরবন্দরে নিহত হয়েছেন একজন। নাটোরের লালপুরে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে শিবির। কক্সবাজারের সদর ও পেকুয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে নিহত হয়েছেন এক মাদ্রাসাছাত্রসহ দুজন। চট্টগ্রামের লোহাগড়ায় সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল ও এক শিবিরকর্মী নিহত হয়েছেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিহত হয়েছেন এক নির্মাণশ্রমিক। নোয়াখালীতে গুলিতে নিহত হয়েছেন এক মোটারশ্রমিক। চাঁপাইনবাবগঞ্জে গুলিতে নিহত হয়েছেন এক শিবিরকর্মী। এ ছাড়া সেখানে ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে এক প্রকৌশলীকে হত্যা করে জামায়াত-শিবির।এ ছাড়া ঢাকার মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন এবং রাজশাহীর বাঘায় একজন শিবিরকর্মী নিহত হয়েছেন। সারা দেশ থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টা থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব দিকে বাজারের পাশে সমবেত হতে শুরু করেন শত শত জামায়াত-শিবির কর্মী। তাঁদের হাতে ছিল লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। পুলিশ ও বিজিবির সদস্যরা সড়কের পশ্চিম দিকে অবস্থান নেন। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই পৌনে দুইটার দিকে জামাত-শিবিরের কর্মীরা মহাসড়কে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। বেলা তিনটায় তাঁরা সংঘবদ্ধ হয়ে দুই দিক থেকে পুলিশ-বিজিবির ওপর আক্রমণের চেষ্টা চালান। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সেখানে প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান জামায়াত-শিবিরের তিনজন। এঁদের মধ্যে মিঠাপুকুর উপজেলার কাশিপুর গ্রামের সাহেব মিয়া (৪৫) ও একই উপজেলার মির্জাপুরের বৈরাতি এলাকার মশিউর রহমান (২৫) মারা যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মাহমুদুল হাসান (২৫) নামের অপর জামায়াত কর্মী।সংঘর্ষে আহত দুই পুলিশসহ জামায়াত-শিবিরের সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও ১৩ জন। পরে ইমাদপুর ইউনিয়নের মহুরিপাড়া গ্রামের আশিকুর (২৫), একজন অজ্ঞাত (৪০) মারা যান।গাইবান্ধাপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন ধরিয়ে দেন। এতে স্টেশনের টিকিট, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। পরে তারা সান্তাহার-লালমনিরহাট রেলপথে রেল লাইন তুলে ফেলেন। ফলে এই রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালানো হয়। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তদন্ত কেন্দ্রের কার্যালয় ঘিরে পুলিশকে পেটাতে থাকেন। এতে তিনজন কনস্টেবলসহ পাঁচজন নিহত হন। আহত হন আর তিন কনস্টেবল।নিহতরা হলেন কনস্টেবল বাবলু মিয়া, হযরত আলী ও মো. নাজিম। আহত তিন কনস্টেবলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর দুজন জামায়াত-শিবিরের কর্মী বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আহমেদ। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।নোয়াখালী বেলা দুইটায় জামায়াত-শিবিরের একটি দল লাঠিসোটা নিয়ে জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারের আশপাশে হিন্দু সমপ্রদায়ের লোকজনের বাড়িতে হামলা শুরু করে। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে অন্তত ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রাজগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী ও আলমপুর গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে মো. লিটন (২৫) নিহত হন।একই সময়ে জেলা শহরের দত্তেরহাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে নিহত হয়েছেন খোকন (২৫) নামের এক যুবক। মোটরশ্রমিক খোকন সদর উপজেলা সাহাপুর গ্রামের মজিবুল হকের ছেলে।ঠাকুরগাঁও সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাট এলাকায় লাঠিসোটা নিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। একপর্যায়ে বাজারের দোকানপাট ও বসতবাড়ি ও বিভিন্ন অফিসে হামলা চালানো হয়। দুপুর আড়াইটায় পুলিশ-বিজিবি এলাকায় গিয়ে ফাঁকা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে জামায়াত-শিবির পুলিশ ও বিজিবি সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ-বিজিবি এলোপাতাড়ি গুলি ছুড়ে সেখান থেকে বের হয়ে আসে। এ সময় গুলিতে চারজন নিহত হন। তাঁরা হলেন, সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মনির উদ্দীন (১৮), গড়েয়া হাটের মোটরমিস্ত্রি নিরঞ্জন মিঠুন (২৬) পুরাতন গড়েয়ার রফিকুল ইসলামের ছেলে মো. ফিরোজ (২৪) ও চোঙ্গাখাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (১৪)।স্থানীয়ভাবে জানা গেছে, নিহত মনির ছাত্রদল, ফিরোজ যুবদল ও রুবেল শিবিরের কর্মী। আর মিঠুন সাধারণ পথচারী।সাতক্ষীরাসাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই মাইকে ঘোষণা দিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত কর্মীদের সাতক্ষীরা শহরের কদমতলা এলাকায় জড়ো হতে আহ্বান জানানো হয়। বেলা তিনটার দিকে ইঞ্জিন-ভ্যান, নসিমন-করিমনযোগে জামায়াতের কর্মীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে কদমতলা এলাকায় অবস্থান নেন। তাঁরা সদর উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামের নেতৃত্বে তিন রাস্তার মোড়ে সমাবেশ করেন। এ সময় কদমতলা মোড়ে কয়েকটি দোকান ভাঙচুর ও পরে সাতক্ষীরা সিটি কলেজের সামনে চার-পাঁচটি ট্রাক ভাঙচুর করা হয়। সার্কিট হাউজ মোড়ে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ ও বিজিবির সদস্যরা কয়েক শ গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।গুলিতে সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের সাইফুল ইসলাম (২২) ও হরিশপুর গ্রামের ইকবাল হোসেন (১৭), বেলেডাঙ্গা গ্রামের আবুল হাসান (২০), পায়রাডাঙ্গা এলাকার শাহীন হোসেন (২৪) নিহত হন। এঁরা দলীয় কর্মী বলে দাবি করেছে জামায়াত।বিকেল পাঁচটার দিকে কদমতলা এলাকায় সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে ওই কলেজের প্রভাষক মামুনুর রশিদের (৩০) বাড়িতে হামলা করা হয়। এতে মামুনুর গুরুতর আহত হলে চিকিত্সার জন্য খুলনায় নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান। সিরাজগঞ্জবেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এলাকায় সিরাজগঞ্জ-নলকা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ও র্যাবের সদস্যরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখানে জামায়াত-শিবিরের ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে।গুলিবিদ্ধ মুক্তার হোসেনকে (১৭) শহরের একটি বেসরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যায় রুহুল আমিন (১৬)। গুলিবিদ্ধ শফিউল নামের অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।নিহত মুক্তার শিয়ালকোলে ইউনিয়নের রাজাখারচর গ্রামের আলমগীর খানের ছেলে। সে সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আর রুহুল আমিন সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের জলিল শেখের ছেলে।মুক্তার ও রুহুল দুজনই ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেছেন জামায়াতের জেলা শাখার সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম।বগুড়াশহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কের চৈতন্যপুর এলাকায় বিকেলে জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা চালিয়ে ছয় পুলিশকে আহত ও অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর র্যাব-পুলিশ ও বিজিবির এক যৌথদল সন্ধ্যায় দ্বিতীয় বাইপাস সড়কে টহল দিচ্ছিল। টহল দলটি শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় পৌঁছার পর সেখানে দ্বিতীয় বাইপাস সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। এ সময় সংঘর্ষ বেধে গেলে র্যাব-পুলিশও গুলি ছোড়ে। এতে সুজাবাদ গ্রামের ইটভাটা শ্রমিক ছবেদ আলী গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।দিনাজপুর প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হান্নানের কাপড়ের দোকান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আম্বি আহমেদের সারের দোকান এবং সাধারণ সম্পাদক সুলতানুল আলমের জুতার দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশ ও বিজিবি শতাধিক গুলি ও ৫০টির বেশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফয়জার রহমান (৩০)। তিনি চিরিরবন্দর উপজেলার নশরত্পুর গ্রামের আবদুল খলিলের ছেলে।নাটোর নাটোর-পাবনা মহাসড়কে লালপুর উপজেলার কদিমচিলান নামক স্থানে শিবির কর্মীরা টহল পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। পিকআপ থেকে নেমে পুলিশ আত্মরক্ষার জন্য কয়েকটি গুলি ছোড়ে। এ সময় শিবির কর্মীরা পুলিশের একটি শর্টগান ও একটি রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের বেদম লাঠিপেটা করেন। এতে সাত পুলিশ আহত হন। এরপর শিবিরকর্মীরা কদিমচিলান গ্রামের দোলু ডাক্তারের বাড়িতে হামলা করে তাঁর ছেলে খায়রুল ইসলামকে (৪০) পিটিয়ে হত্যা করেন। তিনি আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। গতকাল সন্ধ্যার পর থেকে কদিমচিলান গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিকেল পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই সড়কে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় গুলিতে এক শিবিরকর্মী নিহত হন। বিকেলে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় নির্মাণাধীন পর্যটন মোটেলে আগুন দেয় জামায়াত-শিবির। এ সময় তিনতলা ভবনের ছাদ থেকে তৌহিদুল ইসলাম নামের এক প্রকৌশলীকে নিচে ফেলে দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাঁর বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী। তিনি পর্যটন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী।চট্টগ্রাম জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী মুখে কালো কাপড় বেঁধে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর শুরু করে। এ সময় দূর পাল্লার গাড়িসহ ব্যাংক এশিয়া, ইউসিবিএল, সোনালী ব্যাংক, বেসরকারি হাসপাতাল ও স্থানীয় বিপণিবিতানে এলোপাতাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক গুলি ছোড়ে। গুলিতে মিছবাহ উদ্দিন নামের এক শিবির কর্মী নিহত হন। গুলিবিদ্ধ হন আরও আটজন।এ ছাড়া জামায়াত-শিবিরের হামলায় লোহাগাড়া থানার ওসি মো. শাহাজাহান, এসআই মো. শরীফসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান পুলিশ কনস্টেবল মো. তারেক।কক্সবাজার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী বাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে দোকানপাটে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করলে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় সাজ্জাদ হোসেন (১৭)। সে পেকুয়ার পূর্ব মেহেরপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও পেকুয়ার পহরচাঁদা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্র। উপজেলা জামায়াতের শ্রমবিষয়ক সম্পাদক আলী আকবরের দাবি, নিহত সাজ্জাত ছাত্রশিবিরের সাথী ছিল। এ ছাড়া, বেলা আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। তখন নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি ছোড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ঈদগাঁহ এলাকার সোহেল (১৮), ফাঁসিয়াখালির শফি আলম (২০) ও বোয়ালখালীর মো. রশিদকে (৩৫) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মারা যান রশিদ।মৌলভীবাজার বেলা সাড়ে তিনটায় জামায়াত-শিবির বড়লেখা উপজেলার রতুলি ও কাঁঠালতলি এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতার একটি করাতকলে অগ্নিসংযোগসহ সাতটি দোকান ভাঙচুর করা হয়। একপর্যায়ে তাঁরা কাঁঠালতলি বাজার-সংলগ্ন এলাকায় পুলিশকে ঘিরে ফেললে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান লোকমান নামের একজন। তিনি বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।