দেশজুড়ে অবৈধ শাখায় চলছে শিক্ষা-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে বিশ্ববিদ্যালয়টির কতটি শাখা-উপশাখা আছে, এর হিসাব কারও জানা নেই। মালিকানা নিয়ে কয়টি মামলা আছে, তারও সংখ্যা কেউ জানে না। অভিযোগের স্তূপে দিশেহারা শিক্ষা মন্ত্রণালয় সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সাফ বলে দিয়েছে, কেউ যেন এমন সমস্যা ও সংকটকবলিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হন। তবে কেউ এমন সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় নেবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।দেশজুড়ে শিক্ষাক্ষেত্রে সমালোচিত ও ঝুঁকিপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের নাম দারুল ইহসান। বিএড, এমএড, স্নাতক সম্মান, স্নাতকোত্তর থেকে শুরু করে এমন কোনো সনদ নেই যা ওই বিশ্ববিদ্যালয়ের শাখা-উপশাখা থেকে মেলে না। মালিকানার দ্বন্দ্ব প্রকট হওয়ায় দেশজুড়ে কতটি শাখা গড়ে উঠেছে, তার হিসাব শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ কারও জানা নেই। স্থানীয় একশ্রেণীর প্রভাবশালী স্রেফ ‘দারুল ইহসান’ নাম ব্যবহার করে শাখা খুলে ‘সনদ-বাণিজ্য’ করছে। উল্লেখ্য, দারুল ইহসানের কোনো শাখারই বৈধতা নেই। এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের মালিকানার দাবিদার একাধিক পক্ষ হওয়ায় কোনো শাখার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।’ রাজশাহীতে প্রভাবের জোরে শাখা: রাজশাহীতে একই সঙ্গে দুটি শাখা ক্যাম্পাস চলছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের। মহানগরের বিনোদপুর এলাকায় অবস্থিত পুরোনো ক্যাম্পাসে আপাতত শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে। তবে তালাইমারীর প্রফেসরপাড়ার বাংলাভিটায় অপর ক্যাম্পাসটি ভর্তি কার্যক্রম চালাচ্ছে। একই এলাকায় দুটি ক্যাম্পাসের বিষয়ে জানতে চাইলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসের রেজিস্ট্রার মাহবুব উল আলম প্রথম আলোকে বলেন, ‘তালাইমারীর ক্যাম্পাসটি অবৈধ। ওই ক্যাম্পাস কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু রাজনৈতিক চাপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ রাজশাহী মহানগর পুলিশ দুটি ক্যাম্পাস নিয়ে তদন্ত করেছে। তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘তদন্তে তালাইমারী ক্যাম্পাসটি ভুয়া প্রমাণিত হয়েছে। এ ক্যাম্পাসে এখন শুধু টাকার বিনিময়ে সনদ বিক্রি হচ্ছে। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’২০০৯ সালে নগরের তালাইমারী এলাকায় দারুল ইহসানের এই শাখা খোলা হয়। এর নাম দেওয়া হয় রাজশাহী সিটি ক্যাম্পাস। ওই বছরের ২২ অক্টোবর শিক্ষার্থী ভর্তির জন্য স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনও দেয়। তালাইমারী ক্যাম্পাসে ২৫টি কোর্সে ভর্তি চলছে। এসব কোর্সের জন্য ১৮ হাজার থেকে দুই লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টিউশন ফি নেওয়া হচ্ছে।স্থানীয় একটি সূত্র জানায়, ক্যাম্পাসের পরিচালক আবু ইউসুফ সেলিম তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করায় এখন তিনি আওয়ামী লীগ নেতাদের আস্থাভাজন। রাজনৈতিক চাপ থাকায় অবৈধ এই ক্যাম্পাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে আবু ইউসুফ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসটি অবৈধ নয়। দারুল ইহসান ট্রাস্টের অধীনে ক্যাম্পাসটি পরিচালিত হয়। ধানমন্ডিস্থ দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এই ক্যাম্পাসের কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থী ভর্তির প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিপত্র জারি না করা পর্যন্ত ভর্তি চলবে।’ ঠাকুরগাঁওয়ে ভর্তি হলেই সনদ: ২০০৭ সালে ভাড়া করা তিনটি ভবনে যাত্রা শুরু হয় ঠাকুরগাঁওয়ের সালন্দরের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ভর্তির সময়ই বিএডসহ বিভিন্ন কোর্সের সনদ পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। তাই শিক্ষার্থীরাও এখানে ভর্তি হতে ভিড় করেন। সম্প্রতি ক্যাম্পাসে বিএড ও এমএড কোর্সে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নয় শতাধিক শিক্ষার্থী ওই দিন প্রকাশ্যে নকল করে পরীক্ষা দিয়েছেন। বিএড শেষ সেমিস্টারের শিক্ষার্থী সদর উপজেলার গড়েয়া গ্রামের রতন রায় বলেন, ‘আমাদের সনদ দিতে হবে—সমন্বয়কারীর সঙ্গে এমন আলোচনা সাপেক্ষে আমরা এখানে ভর্তি হয়েছি।’জানতে চাইলে ক্যাম্পাসের সমন্বয়কারী পঞ্চগড়ের বোদা পাথরাজ কলেজের শিক্ষক আবদুর রহমান বলেন, ‘পেশাগত ও উচ্চতর ডিগ্রির সনদ শিক্ষার্থীরা যাতে সহজে পায়, সেই উদ্দেশ্য নিয়ে এ ক্যাম্পাস চলছে। এ জন্য আমাদের প্রশংসা করা উচিত।’ শুক্রবার চলে পঞ্চগড় ক্যাম্পাসের পাঠদান: পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে তেলীপাড়া এলাকার বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস খোলা হয়েছে। একই ভবনে একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলে। তাই শুধু শুক্রবারই এখানে পরীক্ষা ও পাঠদান হয়। ইংরেজি, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ বিষয়ে সম্মান এবং এলএলবি, বিএড, এমএড, ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স বিষয় খোলা হয়েছে। এ ছাড়াও ২২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এসব কোর্সের জন্য ২৩ হাজার থেকে এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত টিউশন ফি নির্ধারণ করা হয়েছে।ক্যাম্পাসের সমন্বয়কারী দেলদার রহমান বলেন, শুক্রবারে এখানে ক্লাস ও পরীক্ষা হয়। এলাকার মানুষ যাতে সহজে সনদ পান—এই মহৎ উদ্দেশ্য নিয়ে এই শাখা খোলা হয়েছে। তাঁর দাবি, প্রচারপত্রে বর্ণিত ২২টি বিষয়েরই অনুমোদন রয়েছে। তবে আপাতত সব বিষয়ে ভর্তি করানো হচ্ছে না। যাত্রাবাড়ী ক্যাম্পাসে অনিয়ম: দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের যাত্রাবাড়ী শাখার পরিচালক ইকবাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ভর্তি-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ। সূত্র জানায়, ইকবাল হোসেন নিজ জেলা ময়মনসিংহে একটি অবৈধ শাখা পরিচালনা করেন। ওই শাখার শিক্ষার্থীদের ভর্তির অর্থ তিনি পেয়ে থাকেন। আর তাঁদের সনদ দেওয়া হয় যাত্রাবাড়ী শাখা থেকে।জানা যায়, যাত্রাবাড়ী ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। পরিচালক তাঁর পছন্দের লোকদের নিয়োগ দেন, আবার খেয়াল-খুশিমতো তাঁদের আসতে নিষেধও করে দেন। এখানে কোনো বেতনকাঠামো নেই। তা ছাড়া পরিচালকের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বেতন দুই মাস ধরে দেওয়া হচ্ছে না বলে সূত্র জানিয়েছে। ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যাত্রাবাড়ী শাখার পরিচালক ইকবাল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই ক্যাম্পাসের শিক্ষক ও কর্মকর্তারা।অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, বহিষ্কৃত দুজন শিক্ষক তাঁর বিরুদ্ধে এসব প্রচারণা চালাচ্ছেন। ময়মনসিংহে দারুল ইহসানের একটি শাখা পরিচালনার বিষয়টিও অস্বীকার করেন তিনি। সরকারি নির্দেশ মানছে না ক্যাম্পাসগুলো: ২০০৭ সালের ৭ আগস্ট সরকার ঘোষণা দেয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে কোনো শাখা খোলা যাবে না। কেউ কেউ খুললেও ছাত্রভর্তি বন্ধ রাখতে হবে। শুধু পুরোনো ছাত্রদের বের হওয়ার সুযোগ দিতে হবে।এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় বিএড বা এমএড ডিগ্রি দিতে পারবে না। তার পরও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো টাকার বিনিময়ে এ ধরনের ডিগ্রি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, অবৈধ ক্যাম্পাস থেকে সনদ নেওয়া শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে আইনি জটিলতায় পড়তে পারেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের জেনেশুনে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত।