দেশজুড়ে উদযাপন হচ্ছে সরস্বতী পূজা
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশে উদযাপন করা হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যার দেবী সরস্বতীর পূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ ছুটি। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে আজ শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হচ্ছে অনেক স্থানে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রতিবছরের মতো এবারও সাড়ম্বরে পূজার উত্সব চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অর্ধশতাধিক মণ্ডপ স্থাপিত হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ব্যাংকার্স পূজা পরিষদের উদ্যোগে রাজধানীর হাটখোলার জগবন্ধু মহাপ্রকাশ প্রাঙ্গণ, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তি-উদ্যোগেও পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরস্বতী শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে পূজিতা হন। দেবী শুভ্রবর্ণা শুচিতা, শুদ্ধ ও পবিত্রতার প্রতীক। দেবীর এক হাতে থাকে বই, যা জ্ঞানচর্চার প্রতীক। আরেক হাতে থাকা বীণা সংগীতবিদ্যার প্রতীক। দেবীর বাহন হাঁস। পূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বাণীতে বলা হয়, ধর্ম-বর্ণনির্বিশেষে আবহমানকাল থেকে এ দেশের সব মানুষ মিলেমিশে বাস করে আসছে। এই সম্প্রীতি সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।