দেশজুড়ে জামায়াতের সহিংসতা
হরতাল পালনের নামে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সহিংসতা চালিয়েছে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির।হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল ভোর থেকেই সহিংস তৎপরতা শুরু করেন। তাঁরা বিভিন্ন সড়কে পুরোনো টায়ারে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তাঁরা সারা দেশে পুলিশের ওপর হামলা চালান, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ও গাড়িতে আগুন দেন। তাঁরা রাস্তায় বের হওয়া সাধারণ পরিবহন পুড়িয়ে দেন ও ভাঙচুর করেন। পুলিশের হিসাবমতে, সারা দেশে দিনভর ১১১টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৪টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, নাটোর, সিলেট, নারায়ণগঞ্জ, সাভারসহ ২৪টি জেলা-উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীরা সহিংসতা চালান। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও ঢাকায় পুলিশের একটি করে গাড়ি ও দুটি মোটরসাইকেলে আগুন দেন।পুলিশ সূত্র জানিয়েছে, ভাঙচুর ও অগ্নিসংযোগকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৬ জনকে গতকাল বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। তবে, জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাজধানীতে দলটির ৬০ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে অন্যান্য জেলায় গতকাল ১৫৮ জনকে পুলিশ আটক করে। দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান, সমাবেশে বাধা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াত। দলটি আজ বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ও আগামী শুক্রবার দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া, গত সোমবার দিনাজপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় সেখানে আজ বুধবারও হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত।জামায়াতের ডাকা এ হরতাল নিয়ে রাজধানীবাসীর মধ্যে আগের দিন থেকেই উৎকণ্ঠা ছিল। পরিস্থিতি মোকাবিলায় নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। মাঠে ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও। তাঁরা বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও গুলিস্তান, মহাখালী, মগবাজার, নাজিরা বাজারসহ নগরের বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেন। বিএনপি এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন এলাকায় আচমকা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। শাহবাগের রূপসী বাংলা হোটেলের কাছে, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় এমন ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়েছে। যাত্রীবেশে উঠেও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন তাঁরা। নৌবাহিনীর সদর দপ্তরের সামনের সড়ক ও মিরপুরে আনসার ক্যাম্পের কাছে এ কায়দায় দুটি বাসে আগুন দেওয়া হয়।রাজধানীর প্রধান সড়কগুলোতে সংখ্যায় কম হলেও বাস ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। রিকশার চলাচল অবাধ ছিল। বেশির ভাগ এলাকায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। দূরপাল্লার বাস চলাচলও ছিল কম। তবে ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিল স্বাভাবিক।যাত্রাবাড়ী: সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় তাঁরা পুলিশের ওপরও হামলা চালান। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে তাঁরা পালিয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে শিবিরের কর্মীরা যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মিছিল বের করেন। সেখানে তাঁরা একটি বাস ভাঙচুর ও টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পর তাঁরা যাত্রাবাড়ীসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় ১৪ জনকে আটক করা হয়।পল্লবীতে গণপিটুনি: গতকাল বেলা সোয়া তিনটার দিকে পল্লবীতে গুলিস্তানগামী একটি বাসে আগুন ধরিয়ে দেন হরতালকারীরা। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা আগুন দেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। এঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের একজন নিজের নাম মঞ্জুরুল ইসলাম বলে জানান। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেন। শিবিরের সঙ্গে যুক্ত নন বলে তাঁর দাবি।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শেখ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে স্বীকার করেছেন।মিরপুর: এর আগে সকালে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্পের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুপুরে মিরপুর ২ নম্বরের জনতা হাউজিংয়ের সামনের সড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুপুর ১২টার দিকে ১০-১৫ জন যুবক মিরপুর অরিজিন্যাল ১০ নম্বরে একটি বাস ভাঙচুর করেন। তাঁরা বাসটিতে উঠে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, সকাল থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নাশকতা চালাতে মিরপুরের বিভিন্ন স্থানে ওত পেতে ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।অন্যান্য এলাকা: সকাল সাড়ে সাতটায় বাংলাবাজার এলাকায় কয়েকটি যানবাহন ভাঙচুর, বেলা ১১টায় রায়েরবাজারসংলগ্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সকাল সাড়ে আটটায় খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে ও কমলাপুরে পুলিশের ওপর হামলা চালায় হরতালকারীরা। মতিঝিলে জামায়াতের মিছিল পণ্ড করে দেয় পুলিশ। সেখান থেকে মতিঝিল থানা জামায়াতের আমির কামাল হোসাইনকে আটক করা হয়। অন্যদিকে, মগবাজার রেলক্রসিংয়ের কাছে ইনসাফ কিডনি হাসপাতালে হরতালবিরোধী মিছিল থেকে হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খিলগাঁওয়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হরতাল-সমর্থকেরা। নতুন কর্মসূচি: আজ বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ও আগামী শুক্রবার দোয়া দিবস কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। গতকাল বিকেলে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন। পুলিশের গুলিতে দিনাজপুরের চিরিরবন্দরে ছাত্রশিবিরের কর্মী মুজাহিদ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। গতকাল ঢাকায় হরতালের সমর্থনে তাঁদের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের হামলায় ১০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক কর্মী আহত হয়েছেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।