দেশজুড়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন গতকাল বৃহস্পতিবার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জেএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে সমমানের মাদ্রাসা শিক্ষার্থীরা জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছরই প্রথম নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ওই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী রোববার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ১৫ লাখ পাঁচ হাজার ৩৯১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৩৩ হাজার ৩৯১ জন জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ ৭২ হাজার শিক্ষার্থী জেডিসি পরীক্ষা দিচ্ছে।এদিকে পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ই আলীয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, গ্রাম-শহরের বৈষম্য কমানোর লক্ষ্যে সরকার এসএসসির আদলে অভিন্ন প্রশ্ন, অভিন্ন মূল্যায়ন পদ্ধতি এবং গ্রেডিং পদ্ধতির নতুন এ পাবলিক পরীক্ষা চালু করেছে। নতুন এই পাবলিক পরীক্ষা চালু হওয়ায় এখন সব শিক্ষার্থী সমান মনোযোগ পাচ্ছে। এ পরীক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি ও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমাদের জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলার রানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী পরীক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন আয়োজন করে। পরীক্ষার্থীদের কেন্দ্রে স্বাগত জানানো হয় ফুল দিয়ে। দুপুরের বিরতিতে শিক্ষার্থীদের খেতে দেওয়া হয় আখনি (বিরিয়ানি)। আমাদের নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনেই ১৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, এক হাজার ৯৬৯ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে ৮০ জন এবং এক হাজার ২৪৩ জন জেডিসি পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন অনুপস্থিত ছিল।আমাদের উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, উল্লাপাড়ার দুটি কেন্দ্রে মোট ২৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ওই দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল তিন হাজার ৫৫২ জন।প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) মতো এ পরীক্ষায়ও ফলাফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে। পাস করা ছাত্রছাত্রীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের সনদ পাবে। অষ্টম শ্রেণীর আলাদা কোনো বৃত্তি পরীক্ষা হবে না। ভালো ফলাফল করা নির্দিষ্টসংখ্যক ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হবে।