দেশজুড়ে পুষ্টি-কার্যক্রম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ব্যাপক অপুষ্টি থাকলেও সরকার এখনো দেশব্যাপী কোনো পুষ্টি কার্যক্রম হাতে নিতে পারেনি। জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি) নামের কর্মসূচিটি মাত্র ১৭৩টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এতে দেশের এক-তৃতীয়াংশ মানুষ কার্যক্রমের আওতায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের তুলনায় এই সরকারের এ উদ্যোগ অপ্রতুল। এনএনপির সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এমন এলাকায় পুষ্টি-সচেতনতা, শিশু জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর হার এবং প্রসব-পরবর্তী সময়ে মাকে ভিটামিন-এ খাওয়ানোর হার বেড়েছে।এনএনপি সূত্র জানাচ্ছে, কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এমন এলাকায় ২৫০টি পরিবারের জন্য একজন সামাজিক পুষ্টিকর্মী (সিএনপি) কাজ করেন। এলাকায় তাঁরা সাধারণত ‘পুষ্টি আপা’ বলে পরিচিত। পুষ্টি কার্যক্রমের উপকারভোগীদের মধ্যে কিশোর-কিশোরী, নবদম্পতি, গর্ভবতী ও প্রসূতি মা এবং দুই বছরের কম বয়সী শিশুরা অন্তর্ভুক্ত। চলতি বছরের জুলাই মাসের ‘মাসিক উপজেলাভিত্তিক কার্যসম্পাদন প্রতিবেদন’ অনুযায়ী, এনএনপি কর্ম-এলাকার অর্জন অনেক। ৪৩ শতাংশ গর্ভবতী নারীর গর্ভকালীন ওজন বেড়েছে। ৮৮ শতাংশ নারী গর্ভকালীন পরিচর্যা ও ৫৫ দশমিক ৯ শতাংশ গর্ভবতী নারী আয়রন বড়ি গ্রহণ করেছে। জাতীয়ভাবে যেখানে মাতৃমৃত্যুর হার ৩ দশমিক ২, সেখানে এনএনপি এলাকায় মাতৃমৃত্যুর হার কমে হয়েছে ২ দশমিক ৪। বৈদেশিক সাহায্যনির্ভর পুষ্টি কার্যক্রম নিয়ে নানা সমালোচনাও আছে। গত বছর স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির বার্ষিক পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, এনজিওর মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হওয়ায় তা মূলধারার স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না। কার্যক্রমটি অতি দরিদ্র বা চর, হাওর অঞ্চলের লোকজনের কাছেও পৌঁছাতে পারেনি। এনএনপিতে কারিগরি দক্ষতাসম্পন্ন নেতৃত্ব ও দক্ষ জনবলের অভাব আছে। তা ছাড়া কার্যক্রম নজরদারি করার পর্যাপ্ত ব্যবস্থা নেই।দেশের পুষ্টি-পরিস্থিতি উন্নয়নে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ১৯৯৫ সালে ছয়টি উপজেলায় ‘বাংলাদেশ সমন্বিত জাতীয় পুষ্টি প্রকল্প’ কর্মসূচি শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এর ধারাবাহিকতায় ২০০০ থেকে ২০০৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় পুষ্টি প্রকল্প পরিচালিত হয়েছে। তবে এ ক্ষেত্রে দাতার সংখ্যা বেড়েছে। কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে ১০৯টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হয়। গত বছরের অক্টোবর থেকে চার মাস পুষ্টি কার্যক্রম বন্ধ ছিল। মাঠপর্যায়ে এনজিওগুলো এ কার্যক্রম বাস্তবায়ন করে। ওই চার মাসে এনজিওর বেতন-ভাতাও আটকে ছিল। তবে বর্তমানে আবার মাঠপর্যায়ের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে নতুন ৬৩টি উপজেলা কার্যক্রমের আওতায় এসেছে। জাতীয় পুষ্টি প্রকল্পের শুরুর দিকে বসতভিটায় পুষ্টিবাগান ও হাঁস-মুরগি পালন করা হতো। নানা সমালোচনার কারণে কার্যক্রম থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের অন্যতম বড় এনজিও ব্র্যাক এ কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে নিজেকে সরিয়ে নিয়েছে। ইউনিসেফও নতুন করে চুক্তিবদ্ধ হয়নি।বার্ষিক প্রতিবেদনে কার্যক্রমটি বাস্তবায়নের ক্ষেত্রে উপকরণ সংগ্রহে দীর্ঘসূত্রতা, এনজিওর সঙ্গে কম সময়ের জন্য চুক্তি ও চুক্তি নবায়নে দীর্ঘসূত্রতা এবং কার্যক্রমের স্থায়ী কার্যালয় না থাকার সমালোচনা করা হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের সহকারী নির্বাহী পরিচালক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জনগণকে আমরা পুষ্টিকর খাবার খেতে বলছি, অথচ মানুষের ঘরে খাবার নেই। সুতরাং আমাদের কথায় লাভ হবে না।’ প্রকল্প থেকে শুরু করে বর্তমান কার্যক্রম পর্যন্ত এনএনপিতে মোট ১২ জন ব্যক্তি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। অন্যদিকে এনএনপির কর্মকর্তাদের বিদেশ ভ্রমণসংক্রান্ত অনিয়মের অভিযোগ আছে, যা নিয়ে বিভাগীয় তদন্ত চলছে।এনএনপির নির্বাহী পরিচালক মাইন উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, কর্ম-এলাকায় পুষ্টি-পরিস্থিতির যথেষ্ট উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এনএনপির মাঠপর্যায়ের ৪৬ হাজার নারী-কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জামালপুরের ৮ নম্বর বাঁশচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সামাজিক পুষ্টিকর্মী রেনু আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘বয়সে ছোট হইলেও লোকজন আমাদের কথা শোনে।’