দেশজুড়ে বিজয় উল্লাস
উল্লাস-আনন্দ-উচ্ছ্বাস এখন সারা দেশে। এ আনন্দ ক্রিকেটের। এ আনন্দ বিজয়ের। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অসাধারণ এক জয় সারা দেশে এনে দিয়েছে এক অনন্য আনন্দের বার্তা। শুক্রবার রাতেই শেরেবাংলা স্টেডিয়াম থেকে সেই আনন্দ ছড়িয়ে পড়ে ঢাকার সব রাস্তায়। টাইগারদের উল্লাস আর সারা দেশের কোটি মানুষের উচ্ছ্বাস যেন একাকার হয়ে গেছে। গভীর রাত পর্যন্ত চলতে থাকে তাদের সেই বাঁধভাঙা আনন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তিনি ম্যাচ শেষে মুঠোফোনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানান। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্যের সামনে বড় পর্দায় বিকেল থেকেই খেলা দেখছিলেন শিক্ষার্থীরা। বাংলাদেশ দলের ২০৫ রানের ইনিংস দেখে অনেকেই হতাশ হয়ে পড়েন। দলের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় কি না, সে দুশ্চিন্তায়ও ছিলেন অনেকে। কিন্তু বোলিং নৈপুণ্যে অসাধারণ এক জয় মুহূর্তেই ভুলিয়ে দিল সব দুশ্চিন্তা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবাসিক হলগুলো থেকে বেরিয়ে আসেন রাজপথে। টিএসসি হয়ে ওঠে উৎসবে উন্মাতাল। লাল-সবুজ পতাকা জড়িয়ে স্লোগানে স্লোগানে কেবল একটাই শব্দ—বাংলাদেশ, বাংলাদেশ। পুরো ক্যাম্পাস এ সময় ভেসেছে আনন্দের জোয়ারে। বাংলাদেশ দলের বিজয়ের পর টিএসসিতে উল্লাসরত জহুরুল হক হলের ছাত্র আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘খেলা দেখার সময় বারবার মনে হচ্ছিল, হার্টফেল করব। কিন্তু জয়ের পর বুঝলাম, হার্টটা অনেক বড় হয়ে গেছে।’ কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, জয়ের আনন্দ মুহূর্তে ছড়িয়ে পড়েছিল পুরো রাজধানীতে। শহরের রাস্তাগুলোতে নেমে পড়ে উল্লাসরত জনতা। রাতের স্তব্ধতাকে ভেঙে দেয় খণ্ড খণ্ড আনন্দ মিছিলের হর্ষধ্বনি। মিরপুর এলাকায় গভীর রাতেও ছিল মিছিল। ধানমন্ডি, কারওয়ান বাজার, গুলশান, বনানী, শাহবাগ—সবখানেই ছিল এই উল্লাস।গতকাল রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে শেরাটন হোটেল পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভিনন্দন জানায় বাংলাদেশ ক্রিকেট দলকে। ক্রিকেটারদের বহনকারী গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে স্লোগান দেয় তারা।কেবল ঢাকায় নয়, বিজয়ের উল্লাস হয়েছে সারা দেশেই। ঘরে ঘরে টিভি পর্দার সামনে ছিল তীব্র উত্তেজনা। সবার মনে একটাই প্রশ্ন—বাংলাদেশ জিতবে তো? শফিউলের বলে আয়ারল্যান্ডের শেষ উইকেট পতনের পরপরই সেই প্রশ্নের উত্তর পেয়ে যায় বাংলাদেশের ১৬ কোটি মানুষ।নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, রাতের বগুড়া শহর মিছিলে মিছিলে ভরে গেছে। খেলা শেষে পুরো শহরে মানুষ বিজয় মিছিল বের করে। বগুড়ার ছেলে শফিউল ইসলাম স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত ‘সুহাস’ নামে। শুধু তা-ই নয়, বিশ্বকাপে খেলছেন বগুড়ার আরও এক ক্রিকেটার—উইকেটকিপার মুশফিকুর রহমান। যে কারণে বগুড়াবাসীর আনন্দটা বেশি। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা শহরে একের পর এক পটকা, আতশবাজি নিয়ে আনন্দ মিছিল হয়। পাশাপাশি এই শহরে যেখানে শফিউল ও মুশফিক জন্ম নিয়েছেন, সেই জয়পুরপাড়া ও মাটিডালি এলাকায় মানুষ ঘর থেকে বের হয়ে আনন্দ মিছিল করেছে।