দেশজুড়ে ব্যাপক সহিংসতা, নিহত ৪
‘মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে’ বিক্ষোভের নামে গতকাল শুক্রবার জুমার নামাজের পরপর রাজধানীসহ সারা দেশে জামায়াত-শিবির এবং কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক কয়েকটি দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।সংঘর্ষে ঢাকার বাইরে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে দুজন, সিলেটে ও ঝিনাইদহে একজন করে নিহত হন। ঝিনাইদহে নিহত ব্যক্তির নাম আবদুস সালাম। তিনি একজন মাদ্রাসাশিক্ষক। সিলেটে নিহত হন এমসি কলেজের ছাত্র মোস্তফা মোরশেদ তাহমিদ (১৮)। অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।ঢাকায় জুমার নামাজের পরপর বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, পথচারী ও ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এঁদের মধ্যে দুই সাংবাদিক, এক পুলিশসহ ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আরও সাত সদস্যকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপকভাবে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় রাজধানীতে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়।এ ছাড়া রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুরে গণজাগরণ মঞ্চ ভাঙচুর, শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলোর মিছিলে অংশ নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরাও এসব তাণ্ডবে অংশ নেন।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে হামলা ও সংঘর্ষের ঘটনা হয়েছে জামায়াতের নেতৃত্বে।আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐকজোট, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, সমমনা ইসলামী ও ১২ দলসহ আরও কিছু ছোট ছোট দল ও সংগঠন গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়। জামায়াত এ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানায়। এ কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ঢাকায় বায়তুল মোকাররম মসজিদসহ আশপাশের এলাকায় সকাল থেকেই কয়েকটি সাঁজোয়া যান ও জলকামান নিয়ে বিপুলসংখ্যক পুলিশ ও র্যব সদস্য মোতায়েন ছিলেন।বায়তুল মোকাররম-পল্টন: জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বায়তুল মোকাররম মসজিদ থেকে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই অংশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে ওলামা ইসলাম, হেফাজতে ইসলাম, সমমনা ও ইসলামি ১২ দলের কর্মীরা মিছিল বের করেন। এর মধ্যে মোনাজাত শেষ হওয়ার আগেই কয়েক হাজার মিছিলকারী নানা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে আসে। তাঁরা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ মিছিলে জামায়াত-শিবিরের কর্মীরাও ঢুকে পড়েন বলে পুলিশ সূত্র জানিয়েছে।মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে শাহবাগের দিকে রওনা হয়। তাদের ঠেকাতে না পেরে এ সময় প্রেসক্লাব ও পুরানা পল্টন এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে এবং লাঠিপেটা শুরু করে। এদিকে তখনো বায়তুল মোকাররম মসজিদ থেকে ধর্মভিত্তিক দলগুলোর কর্মীরা বের হচ্ছিলেন।ঘটনাস্থলে থাকা পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, ‘নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার কথা বলেছিলেন। কিন্তু তাঁরা কথা রক্ষা না করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শাহবাগের দিকে যাচ্ছিলেন। তখন বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পাল্টা জবাব হিসেবে পুলিশও গুলি ছোড়ে।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাসের শেলে মিছিলটি কয়েক মিনিটের মধ্যে ছত্রভঙ্গ হয়ে একটি অংশ তোপখানা রোডের বিভিন্ন গলি হয়ে সেগুনবাগিচার দিকে ঢুকে পড়ে। আরেকটি অংশ দৌড়ে পুরানা পল্টনের বিভিন্ন গলি ও বায়তুল মোকাররম মসজিদের ভেতরে অবস্থান নেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছোড়ে। এদিকে পুরানা পল্টন থেকে ধাওয়া খেয়ে জামায়াত-শিবির ও সমমনা দলগুলোর কর্মীদের একটি অংশ মৎস্য ভবনের দিকে গেলে সেখানেও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আরেকটি অংশ দৈনিক বাংলা মোড়ের দিকে যেতে থাকলে পুলিশ তাদেরও ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ বেশ কিছু মিছিলকারী গুলিতে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় মসজিদে ঢুকে পড়া কয়েক শ মিছিলকারী নানা ধরনের স্লোগান দেয়। তারা মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটের টুকরা ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা জবাব দিতে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে। তখন মিছিলকারীরা মসজিদের ভেতরে আগুন জ্বালিয়ে কাঁদানে গ্যাসের ঝাঁজ থেকে বাঁচার চেষ্টা করে। একপর্যায়ে তারা কলাপসিবল গেটে তালা লাগিয়ে ভেতরে বিক্ষোভ করতে থাকে, ব্লগার ও সরকারবিরোধী নানা স্লোগান দেয়। প্রায় দুই ঘণ্টা থেমে থেমে সংঘর্ষ চলার পর বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকেল সোয়া চারটার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের কর্মীদের একটি মোটরসাইকেলের মিছিল দৈনিক বাংলার দিক থেকে বায়তুল মোকাররম হয়ে পল্টনের দিকে যায়। বায়তুল মোকাররম মসজিদে বিশৃঙ্খলা: জুমার নামাজের আগে পুলিশ মসজিদে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করে। এ সময় পুলিশ উত্তর পাশের সব কটি ফটক আটকে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা নামাজের আগেই এক দফা মিছিল শুরু করেন। একপর্যায়ে তাঁরা বন্ধ থাকা ফটক খুলে নিয়ন্ত্রণে নিয়ে নেন। তখন মিছিলকারীদের আরেকটি অংশ মসজিদের ভেতরে মিম্বরের মাইক নিয়ন্ত্রণে নিয়ে বক্তব্য শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে বিশৃঙ্খলা দেখা দেয়। এ খবর পেয়ে বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন আর আসেননি। পরে সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকি নামাজ পড়ান। মুসল্লিদের শান্ত হওয়ার জন্য মাইকে তাঁকে বারবার আহ্বান করতে শোনা যায়।কাঁটাবন এলাকা: প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগেই কাঁটাবন মসজিদের সামনে হেফাজতে ইসলামের একটি অ্যাম্বুলেন্সে করে শ্রীমঙ্গল থেকে আট-দশজন কর্মী অবস্থান নেন। নামাজের পরপর তাঁরা মিছিলে যোগ দিতে মুসল্লিদের ডাকতে থাকেন। এ সময় পুলিশ তাঁদের মিছিল করতে বাধা দেয়। তখন তাঁরা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের ওপর চড়াও হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। তখন ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে হেফাজতে ইসলাম যুক্তরাজ্য শাখার সভাপতি শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজারের বরুনা মাদ্রাসার ছাত্র হুসাইন আহমদ খান, আহমদ বিন কাসেম ও জুয়েলকে আটক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়: জুমার নামাজের পর জামায়াত-শিবিরের কয়েক শ কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল ও অমর একুশে হলে হামলা চালান। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন। সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে ধাওয়া দিলে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যান। তখন সাতজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা। মিরপুর: মিরপুরের বেশির ভাগ মসজিদের সামনেই দুপুর ১২টা থেকে পুলিশি প্রহরা বসানো হয়। জুমার নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে এসে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাও অবস্থান নেন।জুমার নামাজ শেষ হওয়ার পরপরই কাজীপাড়া মসজিদের সামনে থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। তাঁরা হলেন: মোহাম্মদপুর জামেয়া রহমান মাদ্রাসার শিক্ষার্থী ইবাদুর রহমান, শেওড়াপাড়া মাদ্রাসার কারি রমজান আলী, জামতলা মসজিদের মোয়াজ্জিন আবদুল হান্নান, মিরপুরের দারুল হিন্দোল মাদ্রাসার শিক্ষার্থী নুর আলম।মিরপুর মডেল থানার উপপরিদর্শক হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, আটককৃতরা মসজিদের মুসল্লিদের উসকানি দিচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে মিরপুর ১৪ নম্বর থেকে ‘রাসুল প্রেমিক তৌহিদি জনতা’ ও ‘বাংলাদেশ ইসলামিক আন্দোলনের’ ব্যানারে একটি বড় মিছিল ১০ নম্বর গোলচত্বরে আসে। মিছিলটি গোলচত্বরে আধা ঘণ্টার মতো অবস্থান করে আবার মিরপুর ১৪ নম্বরের দিকে ফিরে যায়।ধানমন্ডি: জুমার নামাজের পর ধানমন্ডি ৯ নম্বর সড়কের একটি মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে সাতমসজিদ সড়কে আসার পর পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। রামপুরা-কুড়িল: রামপুরা বিশ্বরোডের কয়েকটি স্থানে মুসল্লি বেশে থাকা জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ছাত্রলীগের কর্মীরা এসে পুলিশের সঙ্গে যোগ দেন। বাড্ডা নতুন বাজারের কাছে একটি মসজিদ থেকে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা যানবাহন ভাঙচুর করে।কারওয়ান বাজার: জুমার নামাজের পর কারওয়ান বাজারে একদল লোক মিছিল বের করে। মিছিলটি ফার্মগেট হয়ে আবার কারওয়ান বাজারে ফিরে আসে। এরপর তারা বাংলামোটরের দিকে যাওয়ার চেষ্টা করলে সোনারগাঁও এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুরান ঢাকা: জুমার নামাজের পর জামায়াত-শিবিরের একটি দল কাপ্তানবাজার এলাকায় বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে ওয়ারী থানার কনস্টেবল আবদুল জলিল (৩২) আহত হন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। নর্থ সাউথ রোডে একাধিক মসজিদ থেকে শতাধিক ব্যক্তি মুসল্লির বেশে মিছিল বের করে। তারা শাহবাগের গণজাগরণ মঞ্চের বিপক্ষে স্লোগান দেয়। পুলিশের বাধার মুখে মিছিলটি পণ্ড হয়ে যায়। এ ছাড়া গোলাপ শাহ মাজারের সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায় একদল মিছিলকারী।এর পরপর লাঠি নিয়ে ছাত্রলীগের কর্মীরা ওই এলাকায় অবস্থান নেন। তাঁরা জামায়াত-শিবির সন্দেহে কয়েকজন রিকশাযাত্রীকে পেটান। বাছবিচার ছাড়া গুলি: প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পুলিশ এলোপাতাড়ি শটগানের গুলি ছুড়তে থাকে। এতে সাংবাদিক ও সাধারণ পথচারীও গুলিবিদ্ধ হন। জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের গুলিতে পথচারী আরিফুর রহমান আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে।আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ব্যবসায়ী। বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়ে আজিমপুর কবরস্থানে মেয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন।নগরের বিভিন্ন এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে জামায়াত-শিবির সন্দেহে অনেক সাধারণ মানুষকে পুলিশ আটক করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমন একজন আবদুল হান্নান অভিযোগ করেন, তিনি শেওড়াপাড়ার জামতলা মসজিদের খণ্ডকালীন মোয়াজ্জিন। পাশাপাশি টিউশনি করে সংসার চালান। তাঁকেসহ আরও পাঁচজন পথচারীকে বেগম রোকেয়া সরণি থেকে মিরপুর থানার পুলিশ আটক করেছে।