দেশজুড়ে মেঘ-বৃষ্টি বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ কালো করা ঘন মেঘের দাপটে সারা দেশের উপকূল-নগর-গ্রাম তটস্থ হয়ে পড়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে অবস্থান করা লঘুচাপের কারণে এই অবস্থা।আগের দিনের মতো গতকাল শুক্রবারও দিনের শুরু থেকেই সূর্য যেন ছুটি নিয়েছিল। দিনের পুরো সময় ছিল গোধূলির আলো-আঁধারি। উপকূলজুড়ে সঞ্চরণশীল মেঘ আর দমকা হাওয়ার দাপট এতটাই ছিল যে আবহাওয়া বিভাগ থেকে বন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবারও আবহাওয়ার একই রূপ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা আবহাওয়া বিভাগের। আজ ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে তারা। আবহাওয়া বিভাগের কৃষি পূর্বাভাস কেন্দ্র বরিশাল বিভাগের মৎস্য খামারিদের ভারী বৃষ্টিজনিত প্লাবনের আশঙ্কার কথা জানিয়েছে। ওই অঞ্চলের মাছের খামারগুলোর সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় চারপাশে ভারী জাল দিয়ে আটকে রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রটি। আর ঝোড়ো হাওয়ার আশঙ্কায় বঙ্গোপসগারে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার বৃষ্টিপাত কমেছে। আজ শনিবার আকাশের মেঘ ও বৃষ্টিপাত আরও কমে আসবে। কাল রোববার থেকে রোদের দেখা মিলতে পারে। গতকাল সারা দিন আকাশ মেঘলা থাকলেও রাজধানীতে খুব সামান্যই বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ গতকাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে মাত্র ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে গতকালও রাজধানীর অনেক স্থানে জলাবদ্ধতা ছিল। বিশেষ করে মিরপুর, সেন্ট্রাল রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকার অনেক স্থানের অলিগলি ও প্রধান সড়ক পানিতে ডুবে ছিল। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওয়াসা এবং সিটি করপোরেশনের উদ্যোগে পানি নিষ্কাশনের চেষ্টাও ছিল। দেশের অন্যান্য স্থানে গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে। কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল। এ ছাড়া রাজশাহীতে ৭০, চুয়াডাঙ্গায় ৬৪, ঈশ্বরদীতে ৬১ এবং কক্সবাজারে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।