দেশজুড়ে শহীদ মিনার-গণজাগরণ মঞ্চে হামলা, নিহত ৪ (ভিডিও)
দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার জুমার নামাজের পর জামায়াত-শিবিরসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় তাঁরা চাঁদপুর ও বগুড়ায় জাতীয় পতাকার অবমাননা করেন। এ ছাড়া কয়েকটি এলাকায় তাঁরা শহীদ মিনারে হামলা চালিয়েছেন। তাঁদের হামলার আরেকটি লক্ষ্যবস্তু ছিল শাহবাগের প্রজন্ম চত্বরের আদলে বিভিন্ন জেলা শহরে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ, শহীদ মিনার। কোথাও কোথাও জাতীয় পতাকাও পোড়ানো হয়।এ সময় পুলিশের সঙ্গে ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সব ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে গাইবান্ধায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে দুজন নিহত হন। সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আরও একজন নিহত হন। এ ছাড়া ঝিনাইদহে পিটুনিতে একজন মারা গেছেন। বগুড়া, সিলেট ও চাঁদপুরের কয়েকটি জায়গায় বেসরকারি ব্যাংকেও হামলা চালিয়েছে ধর্মভিত্তিক দলগুলো। দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন সাংবাদিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রামইসলামের বিরুদ্ধে ‘কটাক্ষ’ করার অভিযোগ এনে জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে সমাবেশ শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক দল। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা ওই সমাবেশের তথ্য ও ছবি সংগ্রহ করছিলেন। একপর্যায়ে সমাবেশ থেকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে। এ ছাড়া ফটো সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলে।এ ঘটনায় মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান রবিউল, দৈনিক ‘যুগান্তর’ পত্রিকার ফটো সাংবাদিক রাজেশ চক্রবর্তী, এটিএন বাংলার ফরিদ উদ্দিন, এটিএন নিউজের অমিত দাস ও ‘ইনকিলাব’-এর ফটো সাংবাদিক কুতুব উদ্দিন আহত হন। বেলা আড়াইটার দিকে বাইরে থেকে চট্টগ্রামের প্রেসক্লাবে ভাঙচুর চালায় ধর্মভিত্তিক দলগুলো। প্রেসক্লাবের নিচে একটি বইয়ের দোকানে হামলা চালায় দলগুলো। গণজাগরণ মঞ্চের ভাস্কর্যে ও ব্যানারেও আগুন দেয় তারা। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। আড়াইটার পরে জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের পাশে জামায়াত-শিবিরের কর্মীরা অবস্থান নেন। প্রেসক্লাবের সামনে স্বতঃস্ফূর্ত অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট তরুণেরা ও সাধারণ লোকজন। একপর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।এই তাণ্ডবের প্রতিবাদে আজ বিকেলে জামালখান এলাকায় কয়েক হাজার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা সেখানে অবস্থিত দিগন্ত টেলিভিশন ও দৈনিক সংগ্রামের কার্যালয় ভাঙচুর করে।এদিকে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় মৌলবাদীদের দায়ী করে আগামীকাল শনিবার প্রতিবাদ কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হবে। রাজশাহীরাজশাহী শহরের সাহেব বাজার এলাকায় জুমার নামাজের পর জামায়াত-শিবিরকর্মীরা তিনটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা গণজাগরণ মঞ্চ ও কয়েকটি বেসরকারি ব্যাংক ভাঙচুর করেন। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন। অপর দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ২৬ জনকে আটক করেছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জামায়াত-শিবিরের ইটপাটকেলে তিনিসহ অন্তত ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। বগুড়াবগুড়া শহরের সাতমাথায় জুমার নামাজের পর জামায়াত-শিবিরের কর্মীরা গণজাগরণ মঞ্চে আগুন দিয়েছেন। তাঁরা জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ও জাহানারা ইমামের ছবি পুড়িয়েছেন। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। জামায়াত-শিবিরের উগ্র তত্পরতায় পুরো সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।গণজাগরণ মঞ্চের নিরাপত্তায় ব্যর্থতার জন্য জেলা প্রশাসক ও দুই পুলিশ কর্মকর্তাকে শনিবারের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের বগুড়ার সভাপতি মাসুদুর রহমান। এ দাবি মানা না হলে রোববার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম এই উদ্যোক্তা। মাসুদুর রহমান অভিযোগ করেন, গণজাগরণ মঞ্চে সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়ে গতকাল বৃহস্পতিবারই জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ ও পুলিশ সুপার মোজাম্মেল হককে অবহিত করা হয়। কিন্তু তারা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেননি। আর আজকে অতিরিক্ত পুলিশ সুপার কাওসার শিকদার হামলাকারীদের মঞ্চ ভেঙে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।হামলার পরে গণজাগরণ মঞ্চ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। এ সময় তিনি রোষানলে পড়েন। পরে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেছেন, গোটা শহরের জন্যই পুলিশকে প্রস্তুতি নিতে হয়েছে। এ কারণে গণজাগরণ মঞ্চে বেশিসংখ্যক পুলিশ মোতায়ন করা যায়নি। ঝিনাইদহঝিনাইদহে ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা দুপুর দুইটার দিকে জুমার নামাজের পর সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়-সংলগ্ন মসজিদ থেকে মিছিল বের করেন। মিছিলটি হাটের রাস্তা এলাকায় গেলে স্থানীয় জনতার সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালাম (৪০) নামে একজন মারা যান। তাঁর বাড়ি রাজবাড়ী এবং তিনি ঝিনাইদহ আলিয়া মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।সিলেটসিলেটে জামায়াত-শিবিরসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের বিক্ষোভ মিছিল থেকে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ মঞ্চ ভাঙচুর করা হয়েছে। তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙচুর করে মূল বেদি গুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি ছুড়ে। এ সময় অজ্ঞাত এক যুবক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শহীদ মিনার থেকে বের হয়ে ধর্মভিত্তিক দলগুলো তাণ্ডব চালায় পার্শ্ববর্তী এইচএসবিসি ব্যাংকের একটি বুথ ও ট্রাস্ট ব্যাংকের একাংশে। তাঁরা পুলিশের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৯০ জনকে আটক করেছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে শহীদ মিনার ভাঙচুরে নেতৃত্ব দিয়েছে। পুলিশ এ বিষয়ে নিশ্চিত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। গাইবান্ধাগাইবান্ধার পলাশবাড়ি উপজেলা শহরে আজ শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন মসজিদ থেকে পলাশবাড়ি উপজেলা শহরের কালীবাড়ি বাজারে জড়ো হন। তাঁরা ওলামা মাশায়েখের ব্যানারে মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের গণজাগরণ মঞ্চ ভেঙে ফেলে। পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালান। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাঁরা চৌরাস্তা মোড় ও গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকার কিছু দোকানপাটও ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। এ সময় ছয়জন গুলিবিদ্ধ হয়। গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) আবু হানিফ বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুলিবিদ্ধ চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাশবাড়ি থানার চারজন পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ৩৮ জন জামায়াত-শিবিরকর্মী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁদপুরজামায়াত-শিবিরসহ বিভিন্ন ধর্মভিত্তিক দল আজ জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল করেছে। শহর প্রদক্ষিণ করে মিছিলকারীরা চাঁদপুর শহরের শপথ চত্বরে (প্রজন্ম চত্বর) এসে এসে জড়ো হয়। একপর্যায়ে তারা সেখানে টাঙানো জাতীয় পতাকা নামিয়ে অবমাননা করে। এ ছাড়া শপথ চত্বরে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুঁড়ছে। জয়পুরহাটআজ জুমার নামাজের পর জয়পুরহাট শহরে তৌহিদি জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে পথসভা করার চেষ্টা করে। এ সময় ওই পথসভার মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ আওয়ামী লীগের ব্যানার ভাঙচুর করে। মসজিদ চত্বরের সমাবেশ বন্ধ করে বিক্ষোভকারীরা শহরের পূর্ব দিকে যায়। যাওয়ার পথে রাস্তার দুই পাশে থাকা আওয়ামী লীগের অনেক ব্যানার ভেঙে ফেলে। শহরের সার্কিট হাউসের মোড়ে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা তাদের ওপর ইট-পাটকেল ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪টি রাবার বুলেট, তিনটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।খুলনাবেলা সাড়ে তিনটার দিকে নগরের ডাকবাংলা মোড় থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল শিববাড়িতে গণমঞ্চের দিকে এগোতে থাকে। গণমঞ্চের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলকারীরা এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে করতে গণমঞ্চের দিকে এগোতে থাকে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, গরমপানি ও গুলি ছোড়ে। এরপর মিছিলকারীরা নিউমার্কেটের সামনে, হোটেল সিটি ইনের সামনে, আলিশানের মোড়ে ও পাওয়ার হাউসের মোড়ে অবস্থান নিয়ে হামলা চালায়। এ সময় মিছিলকারীরা ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ঝিনাইদহ, বগুড়া অফিস, চাঁদপুর,জয়পুরহাট, গাইবান্ধা ও খুলনা প্রতিনিধি)