লক্ষ্য সব শিশুকে স্কুলমুখী করা
দেশজুড়ে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আজ প্রধান শিক্ষকদের বৈঠক
শতভাগ শিশুকে স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বাইরে থাকা ৯ শতাংশ শিশুকে ২০১১ সালের মধ্যে বিদ্যালয়মুখী করতে ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, বর্তমানে দেশের ৯১ শতাংশ শিশু স্কুলে যাচ্ছে।আজ মঙ্গলবার সারা দেশের ৫০২টি উপজেলার ৬১ হাজার ৪০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এ মতবিনিময় সভা করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। এর লক্ষ্য, দেশে একযোগে প্রধান শিক্ষকদের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে সরকারের বার্তা ও মনোভাব পৌঁছে দেওয়া। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গতকাল প্রথম আলোকে বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৪ সালের মধ্যে দেশ নিরক্ষরমুক্ত করতে হবে। সেই হিসাবে হাতে সময় আছে তিন বছর চার মাস। কিন্তু দেশে এখনো তিন কোটি ৮০ লাখ লোক নিরক্ষর। এ অবস্থায় শতভাগ ভর্তি নিশ্চিত ও দেশ নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠকের বিষয়ে সচিব বলেন, ‘প্রধান শিক্ষক চাইলে স্কুলের চেহারা পাল্টে দিতে এবং আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করতে পারেন। আমরা প্রধান শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে চাই। আগামী ছয় মাস তাঁদের কার্যক্রম দেখা হবে। এর মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে তাঁকে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষাসচিব আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একজন কর্মকর্তাকে দুটি উপজেলার মতবিনিময় সভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ১০টি বিষয়ে মতবিনিময় করবেন এবং দিকনির্দেশনা দেবেন। প্রতিটি উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা সভায় উপস্থিত থাকবেন। মতবিনিময় উপলক্ষে গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাক্-প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুর রউফ চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশ নেন অধিদপ্তরের ১৭০ জন কর্মকর্তা। তাঁরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের অপ্রতুলতা দূর করা, যেকোনো সময় শিক্ষার্থী ভর্তি করা, শিক্ষকদের শিক্ষা অফিসে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং শ্রমজীবী মা-বাবার সন্তানদের বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। কর্মকর্তারা বলেন, অনেক জেলা বা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুর্গম এলাকায় বিদ্যালয় পরিদর্শনে যান না বা গেলেও অনিয়মিত যান। তাঁরা যাতে সেসব এলাকায় যান এবং শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করেন, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিতে হবে। সভায় জানানো হয়, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৮২ শতাংশ শিশু এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করে না। প্রাথমিক বিদ্যালয়ে এই ঝরেপড়া রোধে স্থানীয় প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে সংযুক্ত করতে হবে। বিদ্যালয়ে পাঠদানের সময় শিক্ষার্থীরা যাতে আনন্দ পায়, সে বিষয়ে নজর দিতে হবে। কর্মকর্তাদের এসব বক্তব্যের পর প্রাথমিক ও গণশিক্ষাসচিব বলেন, আগামী তিন মাস পর আবার মতবিনিময় সভা করা হবে। সভার পর লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হলো তা পর্যালোচনা করে দেখা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের পরিচালক ও উপসচিব মশিউর রহমান রংপুর জেলার দুটি থানায় যাচ্ছেন সরকারের এই বার্তা নিয়ে। জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সব শিশুকে স্কুলে আনতে আমরা সংশ্লিষ্ট এলাকায় প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্কুলব্যবস্থাপনা কমিটি, এলাকার জনপ্রতিনিধি এবং শিশুদের অভিভাবকের সঙ্গে কথা বলব।’