দেশজুড়ে শিশু চলচ্চিত্র উৎসব
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে চিলেড্রন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ২১ থেকে ২৭ জানুয়ারি ঢাকাসহ দেশের সবগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবারই প্রথম বাংলাদেশে কোনো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে একই সঙ্গে সারা দেশে।ঢাকায় নয়টি, চট্টগ্রামে ছয়টি এবং সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে একটি করে মোট ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। মূল উৎসবকেন্দ্র হবে ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে। উৎসবে মোট ৪০টি দেশের দুই শতাধিক শিশুতোষ কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কার্টুনচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উৎসবের নানা দিক তুলে ধরেন উৎসবের পরিচালক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, মসিউদ্দীন শাকের, মুনিরা মোরশেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। সভাপতিত্ব করবেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার। উৎসবে এবারও থাকছে ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। এই বিভাগের জন্য এবার ছবি জমা পড়েছিল মোট ৮০টি। তার মধ্যে উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছে ৩২টি ছবি। শিশুদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি জুরি বোর্ড পাঁচটি ছবিকে পুরস্কারের জন্য চূড়ান্ত করবে। উৎসবে সারা দেশ থেকে ১২৫ জন শিশুকে ঢাকায় আমন্ত্রণ জানানো হচ্ছে। শিশু প্রতিনিধিদের জন্য ছবি দেখা ছাড়াও উৎসবের সাতটি দিন থাকবে নানা আয়োজন, যাতে করে উৎসব শেষে তারা একটি সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারে।