দেশের সব বিবেকবান ও দেশপ্রেমিক মানুষ ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) পক্ষে। তাই সরকারকে ড্যাপবিরোধী সব অনৈতিক, অযৌক্তিক দাবি উপেক্ষা করে দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে অবিলম্বে ড্যাপ বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। ড্যাপ নিয়ে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে সরকারকে। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সভায় ঢাকার চারপাশের দখল করা জলাভূমি থেকে ভূমিদস্যুদের অবিলম্বে উৎখাত এবং জমি দখল ও ভরাটকারী ব্যক্তিদের অশালীন, ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাদের বিচার দাবি করা হয়।ড্যাপ নিয়ে বিভ্রান্তি নিরসনে ‘ড্যাপ: গণবিরোধী, নাকি জনকল্যাণকর?’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও নগর গবেষণা কেন্দ্র (সিইউএস)। বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ আলোচনায় সভাপতিত্ব করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার নগরায়ণ ও সুশাসন প্রোগ্রাম কমিটির সদস্য সচিব স্থপতি ইকবাল হাবিব।অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, লেক-জলাধার দখল এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকা মহানগর আজ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও একটি গোষ্ঠী ‘ড্যাপ’ বাস্তবায়নের বিরোধিতা করছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা খুবই দুঃখজনক। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশকে ঠিক রেখে পরিকল্পনা করতে হবে, আর এই পরিকল্পনা মেনে নেওয়া সবার নৈতিক দায়িত্ব। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে, মহানগরবাসীর নিরাপত্তার স্বার্থে, একটি বসবাসযোগ্য রাজধানী নির্মাণ নিশ্চিত করার প্রয়োজনে ‘ড্যাপ’ বাস্তবায়ন জরুরি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, ঢাকাকে রক্ষা করতে হলে ‘ড্যাপ’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ড্যাপ নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ড্যাপ যখন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সরকারি দলের কিছু জনপ্রতিনিধিই ড্যাপের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ঢাকা মহানগরের চারপাশের নদী জলাশয়সমূহকে সামান্য স্বার্থের জন্য একটি গোষ্ঠী ধবংস করে ফেলেছে। এই দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।অধ্যাপক সারওয়ার জাহান বলেন, ড্যাপ বিষয়ে একটি গোষ্ঠী যে অপ্রপচার চালাচ্ছে, তা সঠিক নয়। তিনি বলেন, দেশের স্বনামধন্য নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞ নিয়ে গঠিত ড্যাপ-বিষয়ক রিভিউ কমিটি সবকিছুর ঊর্ধ্বে। তারা জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি বসবাসযোগ্য পরিকল্পিত মহানগর গড়ার লক্ষ্যেই সরকারের কাছে সুপারিশমালা তুলে ধরেছেন। এর আলোকেই ড্যাপ বাস্তবায়ন জরুরি।ইকবাল হাবিব বলেন, কিছু অর্থলিপ্সু ও স্বার্থান্বেষী ব্যবসায়ী ছাড়া সচেতন দেশবাসী আজ একমত যে, রাজউক প্রণীত ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে সরকারিভাবে গঠিত প্যানেলের পরীক্ষিত ড্যাপের দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সভায় আরও বক্তব্য দেন গবেষক সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য নুরুল আলম, রিহ্যাবের সাবেক সভাপতি মো. আবদুল আউয়াল, সুজনের সদস্য সচিব বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম মাহবুব, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বেন-এর সদস্য দীপেন ভট্টাচার্য, সিইউএসের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাজেম ও বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।