দেশপ্রেমিকদের পরিণতি তারেকের মতো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সব পথ বন্ধ করে দিয়েছে। এখন আন্দোলন-সংগ্রাম ছাড়া বিএনপির কোনো পথ নেই। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য দলীয় নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান ফখরুল।আজ মঙ্গলবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারদলীয় লোকজন ডেসটিনি, ইউনি পে টু থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে। বুয়েট-মেডিকেলের প্রসঙ্গ উল্লেখ করে ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, যাতে নতুন নেতৃত্ব সৃষ্টি হতে না পারে।তারেক রহমান কারাগার থেকে মুক্ত হলেও এখনো একপ্রকার নির্বাসিত জীবন যাপন করছেন—মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘যাঁরা দেশপ্রেমিক, স্বাধীনতাকামী, তাঁদের বেশির ভাগেরই পরিণতি এ রকম হয়। এ সরকারকে সরাতে না পারলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক-এগারোর ষড়যন্ত্র এখনো চলছে। এখনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। ‘তৃতীয় শক্তি’ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা সরকারের উদ্দেশে বলেন, আগেও দেশের জনগণ তৃতীয় শক্তিকে গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। ‘বিশ্বাসঘাতকতার জন্য’ ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকারের বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তারেক রহমান যাতে দেশে আসতে না পারে, সে জন্য আগের সরকারের ধারাবাহিকতায় এই সরকারও ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।সোনালী ব্যংকের অর্থ কেলেঙ্কারির ঘটনার বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, সোনালী-জনতার মতো ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। অভিযোগের মূলোত্পাটনের জন্য এর সঠিক বিচার হওয়া উচিত।গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ টেনে এমাজউদ্দীন আহমদ বলেন, একশ্রেণীর মানুষের ড. ইউনূসের ব্যাংকের প্রতি ভয়ংকর লোভ। তিন-চার শ, পাঁচ শ কোটি টাকা তাদের লোভ সংবরণের জন্য যথেষ্ট নয়।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ প্রমুখ আলোচনায় অংশ নেন।