ইন্টারন্যাশনাল ফান্ড ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওরফে বিশ্বব্যাংক একটি মহাজনি সংস্থা। তার কাজ হলো উন্নয়নশীল সদস্যদেশগুলোকে তাদের উন্নয়ন প্রকল্পে ঋণ ও কারিগরি সাহায্য দেওয়া। কোন দেশে কে প্রেমিক আর কে দেশপ্রেমিক, কে ভীরু আর কে সাহসী, তা নিয়ে যদি তার কাজ করতে হতো, তাহলে বর্তমান স্টাফের চেয়ে ১০ গুণ বেশি লোকবলের দরকার হতো।গত সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে যে খত দেয়, তাতে কারও সম্পর্কে দেশপ্রেম নিয়ে কোনো অভিযোগ ছিল না, ছিল দুর্নীতি নিয়ে। তখনকার যোগাযোগমন্ত্রীর দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্নই তোলেনি বিশ্বব্যাংক। কারও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার বিশ্বব্যাংকের নেই।সৈয়দ আবুল হোসেনের বেদনাদায়ক পদত্যাগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বলেছেন, ‘আবুল প্রকৃত দেশপ্রেমিক।’ তাই তিনি দেশের সম্মান রাখতে পদত্যাগ করেছেন। অর্থমন্ত্রী ঢাকায় বলেছেন, ‘সত্যিকারের দেশপ্রেম থেকেই’ আবুল হোসেন ‘মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন’।৪৮ ঘণ্টা আগে প্রবীণ অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আবুল ইজ ডাউন।’ অর্থাৎ আবুল ধরাশায়ী।পদত্যাগের কথা শুনেই, পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগেই অর্থমন্ত্রী সৈয়দ সাহেবের বাসভবনে ছুটে গিয়েছিলেন। গিয়েছিলেন হয় ধরাশায়ী অবস্থা থেকে তাঁকে টেনে তুলতে অথবা সান্ত্বনা দিতে। দুর্ভাগ্য তাঁর, পতিত সহকর্মীকে তিনি খুঁজে পাননি। এই জগতে যত রকম মানবিক গুণ আছে, তার মধ্যে মহত্তম হলো দেশপ্রেম। দেশপ্রেম মানুষকে করে মহীয়ান। দেশপ্রেমেরও আবার গ্রেড আছে। কারওটা মোটামুটি সাধারণ দেশপ্রেম, কারওটা সত্যিকারের দেশপ্রেম। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর টেস্টিমোনিয়াল অনুযায়ী, আবুল হোসেন সাহেব সত্যিকার দেশপ্রেমিক।দেশপ্রেমের সঙ্গে বীরত্ব ও সাহস জড়িত। কোনো কাপুরুষের পক্ষে দেশপ্রেমিক হওয়া সম্ভব নয়, সেটা আমরা একাত্তরে দেখেছি। অর্থমন্ত্রী মহোদয় আবুল হোসেন সাহেবকে আখ্যায়িত করেছেন ‘দেশপ্রেমিক, সাহসী’ বলে। দেশপ্রেমে তাড়িত হয়ে মানুষ হাসতে হাসতে আত্মাহুতি দেয়। ব্রিজ থেকে লাফিয়ে পড়তে দ্বিধা করে না খরস্রোতা নদীতে। দেশপ্রেমের আরেক নাম সর্বোচ্চ ত্যাগ—নিজের ধনদৌলতের জন্য নয়, জনগণের জন্য ভালোবাসা। সত্যিকারের কি না, বলা মুশকিল। তবে কিছুটা দেশপ্রেম দেখেছি আমাদের সূর্য সেন ও সুভাষ বসুর মধ্যে। অন্য দেশে হো চি মিন ও নেলসন ম্যান্ডেলার মধ্যে। সূর্য সেন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করে দেশপ্রেমের পরিচয় দেন। হো চি মিনের দেশপ্রেম মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে। নেতাজি দেশপ্রেমিক ভারতবর্ষের মুক্তির জন্য। ম্যান্ডেলা করেছেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই। একটি ব্রিজের জন্য সর্বস্ব ত্যাগ করার সাহস দেখিয়ে দেশপ্রেমিকের মর্যাদা পেলেন এই প্রথম কেউ। মন্ত্রীর চেয়ে দেশপ্রেমিক পদটি অনেক বড়।পদ্মা সেতু মামলায় ফরিয়াদি বিশ্বব্যাংক। আসামি বাংলাদেশ সরকার, সৈয়দ আবুল হোসেন প্রমুখ। আসামি হওয়ার অর্থ অপরাধী হওয়া নয়। তা ছাড়া অভিযোগটা দেশপ্রেম নিয়ে নয়, দুর্নীতি নিয়ে। কেউ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলে তাকে দেশপ্রেমিকের পদে প্রমোশন দেওয়ার নজির বিশ্বে দ্বিতীয়টি নেই। অন্য দেশের কথা বাদ দিলেও ভারতেই কেন্দ্রে ও রাজ্যে গত ৫০ বছরে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা মন্ত্রীর সংখ্যা অসংখ্য।৬৬ বছরে বিশ্বব্যাংক বহু সমালোচনা সহ্য করেছে। এখন একটি অলক্ষুনে সেতু তাকে দিল সীমাহীন লাঞ্ছনা। বলা হচ্ছে, ‘নিজেদের বিশেষ পছন্দের প্রতিষ্ঠান কাজ পায়নি দেখেই বিশ্বব্যাংক আবুলের সঙ্গে লেগেছে। সেই কোম্পানির কাছ থেকে বিশ্বব্যাংক পার্সেন্টেজ খেয়েছে কি না,’ তা খতিয়ে দেখতেও বলা হচ্ছে সাংবাদিকদের।বিষয়টি আর বেশি খতিয়ে দেখা ঠিক হবে না। তার আগেই বিশ্বব্যাংক থেকে উড়ো চিঠি এসে জড়ো হতে পারে সাংবাদিকদের টেবিলে। তাতে হয়তো থাকবে ধারাবাহিক রিপোর্ট লেখার অমূল্য উপাদান। তবে যেসব সাংবাদিকের কিঞ্চিৎ দেশপ্রেম আছে, তাঁদের উচিত হবে না সব প্রকাশ করা। কারণ, তাতে কোন ব্যক্তির মর্যাদা নষ্ট হলো, তার চেয়ে বড় কথা দেশটার মুখে চুনকালি পড়বে। সুতরাং, বেশি ঘাঁটাঘাঁটি না করা ভালো। অতি উত্তম পথ হলো সরকারের চুপ থাকা। সাইলেন্স ইজ গোল্ড। মৌনতা সোনার মতো মূল্যবান।