দেশপ্রেমিকেরা দেশের সম্পদ লুট করে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সাহসী দেশপ্রেমিকেরা কখনো দেশের সম্পদ লুট করে না; বরং দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে, যেমন করেছিলেন সাহসী মুক্তিযোদ্ধারা। আবুলের মতো সাধারণ কর্মচারী থেকে শত কোটি টাকার মালিকও হন না।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।রফিকুল ইসলাম মিয়া বলেন, আবুল হোসেনকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা অন্যান্য দুর্নীতিবাজকে আরও বেশি দুর্নীতি করতে উত্সাহী করবে। তিনি বলেন, সাহসী দেশপ্রেমিকেরা কখনো দেশের সম্পদ লুট করে না; বরং দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে, যেমন করেছিলেন সাহসী মুক্তিযোদ্ধারা। আবুলের মতো সাধারণ কর্মচারী থেকে শত কোটি টাকার মালিকও হন না।বিএনপির এই নেতা অভিযোগ করেন, পদ্মা সেতুর বিষয়ে প্রধানমন্ত্রী এক সুরে এবং অর্থমন্ত্রী ভিন্ন সুরে কথা বলছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এমন গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে এ ধরনের দ্বিমুখী কথা বলা ইতিহাসে নেই বলে উল্লেখ করেন তিনি।রফিকুল ইসলাম মিয়া বলেন, এক দিকে প্রধানমন্ত্রী বলছেন বিশ্বব্যাংকের কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানানো হবে। অন্যদিকে অর্থমন্ত্রী বলছেন, আবুল হোসেনের পদত্যাগের মাধ্যমে বিশ্বব্যাংকের চারটি শর্ত পূরণ হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে ও দুর্নীতিবাজদের বিচার করা হবে বলেও জানান তিনি।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, একটি সংসদ থাকাকালে সংসদ নির্বাচন হয়—এমন নজির পৃথিবীর কোথাও নেই। এ ধরনের নির্বাচন দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।