দেশপ্রেমের গান, কবিতা ও নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিনে রোদের তেজি ভাব কেটে গিয়ে বিকেলে শীতল বাতাস বইছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষ উপভোগ করছেন মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান।একসময় সমবেত কণ্ঠে শোনা গেল, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। উর্দু নয়, বাংলাই হবে একমাত্র রাষ্ট্রভাষা’।গতকাল বুধবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে কবিতা আবৃত্তির মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং সে সময়ের বিভিন্ন চিত্র তুলে ধরে তক্ষশিলা বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। তারা আবৃত্তি করে ‘দেশ আমার, ভাষা আমার’ কবিতাটি।শেষ বিকেলে শুরু হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল গান, নাটক ও আবৃত্তি। এ সবকিছুতেই ছিল দেশপ্রেমের প্রকাশ।অনুষ্ঠানের শুরুতে ‘যেই মাটির বুকে ঘুমিয়ে আছে’ ও ‘মা গো তোমার সোনা মানিক’ গান দুটি গেয়ে শোনান শিল্পী এম এ মমিন।‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘নদী বইয়া যাওরে’ গান পরিবেশন করেন শিল্পী শিমুল সাহা।সমসাময়িক দেশে ঘটে যাওয়া বিভিন্ন অসংগতি নিয়ে ‘শেকল ভাঙ্গার গান’ নাটক পরিবেশন করে মহাকাল নাট্য সম্প্রদায়। যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে, এই বাংলার মাটিতে তাদের রক্ষা নাই—এ দাবি উচ্চারিত হয় আবারও বাংলাদেশ নাটকের মাধ্যমে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করেন নাট্যধারা নাটক দলের সদস্যরা।অনুষ্ঠানে একক আবৃত্তি করেন মহিদুল ইসলাম ও ইকবাল আহমেদ। এ ছাড়া দলীয় আবৃত্তি পরিবেশন করেন কথা ও বোধ সংগঠনের শিল্পীরা।অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য মানজারুল ইসলাম চৌধুরী।১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ধারাবাহিকভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এরপর ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠান স্থানান্তরিত হবে।