দেশবন্ধুর এত প্রতারণা!
প্রতারণা করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা-পুলিশ আজ বৃহস্পতিবার দেশবন্ধু বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন ও মানবাধিকার সংস্থার মাধ্যমে বিপদগ্রস্ত মানুষের সমস্যা সমাধান করার কথা বলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ নকল সোনা, মুদ্রা, মূর্তি ও সনদপত্র কেনা-বেচা এবং জাল টাকার ব্যবসার।পরিবার পরিকল্পনা বিভাগে কোটালীপাড়া উপজেলায় কর্মরত এক মাঠকর্মী সুখরঞ্জন হীরার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আজ দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এর আগে গতকাল বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রে পুলিশ দেশবন্ধু বিশ্বাসকে ডেকে জিজ্ঞাসাবাদ ও পরে আটক করে।মামলার বিবরণে জানা যায়, সুখরঞ্জন হীরার ছেলে প্রদীপ কুমার হীরাকে শিক্ষা বিভাগে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ ২৫ হাজার টাকা নেন দেশবন্ধু বিশ্বাস। কিন্তু তাঁর চাকরি হয়নি। তিনি টাকা ফেরত দিতেও টালবাহানা শুরু করেন। সামাজিকভাবে চাপ প্রয়োগ করেও টাকা আদায়ে ব্যর্থ হয়ে বুধবার সকালে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। জেলা পুলিশ সুপারের কাছে ওই উপজেলার লাটেঙ্গা গ্রামের নগেন হাজরা অভিযোগ করেছেন, সিডর-পরবর্তী সময়ে সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় তাঁকে একটি বসতঘর পাইয়ে দেওয়ার কথা বলে দেশবন্ধু ছয় হাজার টাকা নেন। কিন্তু ঘর নগেন পাননি। টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো অপমান-অপদস্ত হয়েছেন একাধিকবার। ভুতুরিয়া গ্রামের কৃষক জীবন বৈদ্য একই ধরনের অভিযোগ করেন। স্কুলশিক্ষক সুভাষ বিশ্বাস, রথিন্দ্র নাথ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দেবদাস বৈদ্য অভিযোগ করে বলেন, ম্যাগনেটের ব্যবসার কথা বলে তাঁদের কাছ থেকে পেনশনের টাকা ও পরে জমি বিক্রি করে টাকা নিয়ে আত্মসাত্ করেছেন দেশবন্ধু বিশ্বাস।পোলটানা গ্রামের বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন দেশবন্ধু। টাকা চাইলে রাতের আঁধারে উল্টো ওই কর্মকর্তার ঘরের টিন খুলে নেওয়ার সময় জনরোষে পড়েন দেশবন্ধু ও তাঁর লোকজন। ঢাকার মিরপুরে কেবল ব্যবসা করেন কোটালীপাড়ার জগদীশ বিশ্বাস। দেশবন্ধু তাঁর কাছ থেকে সোনার বিস্কুটের ব্যবসার কথা বলে ২৫ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘দেশবন্ধুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমি যখন স্কুলে পড়ি তখন প্রতারণার দায়ে তাঁকে শামুকের মালা দিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হয়েছিল। কিন্তু এতেও তাঁর কোনো পরিবর্তন হয়নি। একের পর এক মানুষকে ঠকিয়ে সর্বস্বান্ত করে দিয়েছে। তাঁর জন্য এক নবদম্পতির সংসার ভেঙে গেছে। এক নারীকে যৌন নিপীড়নের দায়ে গ্রামের নারীদের হাতে তিনি সম্প্রতি ঝাঁটা পেটার শিকার হয়েছেন। ৪০ বছর ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।’ কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া বলেন, ‘অভিযোগ তদন্ত করে পুলিশ সত্যতা পেয়ে এজাহারভুক্ত করেছে। ইতিমধ্যে দেশবন্ধুকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে আরও কোনো অভিযোগ কেউ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’